যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তাকে নিয়ে বিশ্বজুড়ে মানুষের বেজায় কৌতূহল। তার পছন্দের সিনেমা, গান ও বই নিয়ে প্রতি বছরই আলোচনা হয়। তিনি নিয়মিত এ বিষয়গুলো প্রকাশও করেন। এ বছরও পছন্দের সিনেমার তালিকা প্রকাশ করেছেন। এর মধ্যে অন্য অনেক সিনেমার পাশাপাশি আছে ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’। এছাড়া আছে শন বেকারের আনোরা, বিয়ন্সে ও বিলি আইলিশের গান।

গত শুক্রবার ওবামা তার সামাজিক যোগাযোগমাধ্যমে (ইনস্টাগ্রাম, এক্স) তার পছন্দের সিনেমা, গান ও বইয়ের তালিকা প্রকাশ করেছেন। তালিকায় আছে এ বছর প্রকাশিত ২৫টি গান, ১০টি সিনেমা ও ১০টি বই। পোস্টে তিনি পোস্টার আকারে গান, সিনেমা ও বইগুলোর নাম সাজিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন, তিনি এ বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দিতে চান।

41

ওবামার তালিকার গানগুলোর মধ্যে আছে কেন্দ্রিক ল্যামারের ‘স্কোয়াবল আপ’, বিলি আইলিশের ‘লাঞ্চ’, রেমার ‘ইয়ায়ো’, আসাকে ও ট্র্যাভিস স্কটের ‘অ্যাকটিভ’, বিয়ন্সের ‘টেক্সাস হোল্ড এম’ ইত্যাদি।

ওবামার পছন্দের সিনেমার তালিকায় আছে ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’, ‘কনক্লেভ’, ‘দ্য পিয়ানো লেসন’, ‘দ্য প্রমিজড ল্যান্ড’, ‘দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ’, ‘ডুন: পার্ট টু’, ‘আনোরা’, ‘ডিডি’, ‘সুগারকেন’ ও ‘আ কমপ্লিট আননোন’।

সিনেমাগুলো এ বছর সাড়া ফেলেছে। এর মধ্যে ‘ডুন’ নিয়ে প্রশংসার শেষ নেই। এটি অস্কারে সেরা হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া রসুলভের ‘দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ’ তালিকায় দেখে অনেকেই উচ্ছ্বসিত। ইরানের নির্বাসিত এ নির্মাতার সিনেমা ওবামার তালিকায় থাকার মাধ্যমে বিশ্বজুড়ে এর পরিচিতি আরো আসবে বলে মনে করছেন অনেকে। সেই সঙ্গে ভারতের সিনেমা নির্মাতা ও সিনেমাপ্রেমীরা উচ্ছ্বসিত। কেননা কানজয়ী অল উই ইম্যাজিন অ্যাজ লাইট আছে তার পছন্দের তালিকায়। সিনেমাটি নিয়ে অনেক প্রশংসা এসেছে, তবে এটি অস্কারে পাঠায়নি ভারত। সেজন্য সমালোচনাও কম হয়নি।

১০টি বইয়ের তালিকা দিয়ে ওবামা জানিয়েছেন, এগুলো নিয়ে তিনি অনেক দিন ধরেই আটকে ছিলেন। পড়া শেষ হচ্ছিল না। তবে শেষ পর্যন্ত পড়া শেষ করেছেন। এ তালিকায় আছে ‘দি অ্যাংশাস জেনারেশন’, ‘স্টোলেন প্রাইড’, ‘ইনটারমেজজো’, ‘ইন অ্যাসেনশন’, ‘প্যাট্রিয়ট’, ‘গ্রোথ’, ‘অরবিটাল’, ‘সামওয়ান লাইক আস’, ‘দি অ্যানথ্রোপলজিস্টস’ ও ‘দ্য ওয়ার্ক অব আর্ট’।

সূত্র: ইনডিপেনডেন্টডটকম