ছপাক-এর মাধ্যমে প্রযোজনার খাতায় নাম লেখান দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এ অভিনেত্রী তার পরবর্তী প্রযোজনা নিয়ে মুখ খুলেছেন। মহাভারত এ অভিনেত্রীর পরবর্তী প্রযোজনার ছবি। মুম্বাই মিররকে দেয়া সাক্ষাত্কারে মহাভারত নিয়ে কথা বলেন ছপাকখ্যাত এ অভিনেত্রী। দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকে মহাভারতকে দেখানো হবে বলে জানান দীপিকা। মহাভারত প্রেম নাকি পৌরাণিক কাহিনীনির্ভর হবে—এর উত্তরে দীপিকা বলেন, ‘এটা যেকোনো কিছু হতে পারে। ছবিটি শুধু নারী দৃষ্টিকোণ থেকে নয়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নির্মাণ করা হবে।’ ছবির মূল চরিত্র প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘চরিত্রটি অবশ্যই ঘরোয়া ধরনের হতে হবে। পশ্চিমা সংস্কৃতি থেকে আমাদের সংস্কৃতির একটা বড় সুবিধা হলো, আমাদের চরিত্রগুলোর গভীরতা অনেক বেশি। যেটা নিজেদের সংস্কৃতি, সামাজিক আবরণ আর পারিবারিক সম্পর্কের সুতোয় গাঁথা।’
মহাভারত প্রযোজনা করবেন মধু মন্টেনা, আর এর সঙ্গে যুক্ত হয়েছেন দীপিকা। প্রযোজনার পাশাপাশি দ্রৌপদী চরিত্রে অভিনয়ের কথা রয়েছে তার। বর্তমানে এ অভিনেত্রী ছপাক ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত। ছবিটি আগামী ১০ জানুয়ারি মুক্তি পাবে। সম্প্রতি দীপিকা একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এছাড়া তিনি শাকুন বাতরার পরিচালিত একটি ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদি ও অনন্যা পান্ডের সঙ্গে অভিনয় করবেন। ছবিটি ২০২১ সালে মুক্তি পাবে।
সূত্র: ডিএনএ










