এই সময়ে নাটক ও ওটিটি কনটেন্টে দাপটের সঙ্গে কাজ করছেন সামিরা খান মাহি। সম্প্রতি তিনি শেষ করেছেন ইমরুল রাফাত পরিচালিত সিরিয়াল ‘ডিয়ার লেডিস’, যা বেশ কয়েকজন মেয়ের জীবনের গল্পে এগিয়েছে। মাহি বলেন, ‘সুন্দর গল্প ও নির্মাণের কাজ এটি। আমার বিশ্বাস, ভালো লাগবে সবার।’
পাশাপাশি মাহি শেষ করেছেন প্রায় হাফ ডজন একক নাটকের কাজ। এসব নাটকে তিনি জুটি বেঁধে কাজ করেছেন মুশফিক, ফারহান ও আরশ খানের সঙ্গে। পরিচালনায় ছিলেন ইমরুল রাফাত, মাবরুর রশিদ বান্নাহ প্রমুখ। এছাড়া মাহি একটি ওয়েব সিরিজের কাজও শেষ করেছেন। তিনি জানান, ‘এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না। দ্রুতই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
মাহির বড় পর্দায় অভিষেকের সম্ভাবনা নিয়ে ভক্তদের কৌতূহল থাকলেও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আপাতত সিনেমা নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘আমি নাটক ও ওটিটি কনটেন্ট নিয়ে ভালো আছি। এখানে দর্শকের ভালোবাসা প্রতিনিয়ত পাচ্ছি। বড় ক্যানভাসে কাজ করার আগে নিজেকে আলাদাভাবে প্রস্তুত করতে হবে। তাই এখন সিনেমায় আসার পরিকল্পনা নেই।’
অভিনেত্রী আরো জানান, অনেক সিনেমার প্রস্তাব এসেছে, কিন্তু বেশির ভাগই বোল্ড লুক বা ভায়োলেন্সের গল্পের। সে প্রস্তাবে তিনি সাড়া দেননি। মাহি বলেন, ‘‘‘খুশবু’’ নাটক দেখার পর ভক্তরা চাইছেন আমি সিনেমায় কাজ করি। তবে এখন আমি সিনেমার জন্য প্রস্তুত নই।’
নাটকের গল্প নিয়ে সন্তুষ্টি সম্পর্কে তিনি জানান, ‘সত্যি বলতে কি, বেশির ভাগ নাটকের গল্প হালকা ধাঁচের। অনেক সময় কাহিনীতে গভীরতা বা চরিত্রে নতুনত্ব থাকে না, তবুও দর্শক পছন্দ করছেন। তাই কাজের আগে অনুমান করা কঠিন, কোন গল্প দর্শকের মনে কীভাবে ছাপ ফেলবে। তবুও যতটা পারি, এমন কিছু গল্প ও চরিত্র বেছে নিই যা দর্শক ও আমার জন্য অর্থবহ।’
নতুন বছরকে সামনে রেখে মাহি বলেন, ‘এ বছরের শুরু ধীরগতিতে ছিল। তবে ধীরে ধীরে কাজের গতি বেড়েছে। আমি বিশ্বাস করি, আগামী বছর কাজের জন্য খুব ভালো বছর হতে চলেছে।’










