অভিনেতা সিদ্ধার্থ ও অভিনেত্রী অদিতি রাও হায়দারী বিয়ে করেছেন বেশ কিছুদিন হয়। তাদের বিয়ের ছবি নিয়ে চর্চা হয়েছে অনেকদিন। এ দুই অভিনেতা নিজেদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাদের আছে নিজস্ব বহু ভক্ত ও শুভানুধ্যায়ী। কিন্তু সিদ্ধার্থ এসব ভক্তকুল, হইচই পছন্দ করেন না। এমনকি তিনি মজা করেই বলেন, ‘‌ঘরে বসে থেকে অদিতির কামাই খেতেই তিনি বেশি পছন্দ করবেন।’ তিনি জানান, কখনো অভিনেতা হওয়ার কথা চিন্তা করেননি। তার মধ্যেই প্রায় দুই দশক অভিনয় করে যাচ্ছেন।

এক সাক্ষাৎকারে অদিতি বলেন, ‘স্বভাবের দিক থেকে আমরা একেবারেই বিপরীত। সে অন্যের কাছ থেকে মনোযোগ পেতে পছন্দ করে না কিন্তু বিষয়টা আমি ভালোবাসি। আমি ভালোবাসা পেতে ভালোবাসি। কিন্তু ও কোথাও না কোথাও লুকিয়ে থাকে। হইহুল্লোড় করতেও আমার খুব ভালো লাগে। ও আমার মতো না।’

তাই বলে অদিতি সবসময় হইচই করে বেড়ান বিষয়টা এমন না। তিনি বলেন, ‘আমি আমার কাজটাকেও পছন্দ করি। নিজেকে প্রশ্ন করি কোন জিনিসটা থেকে আমি কী নিচ্ছি। আমি ক্যামেরা ভালোবাসি, সিনেমার সেটে বসে থাকতে ভালোবাসি।’

সিদ্ধার্থ বলেন, ‘আমরা নিজেদের মতো আলাদা একটা যাত্রার মাধ্যমে এখানে এসে পৌঁছেছি। শুরু থেকেই ভিড় ভাট্টা, লোকজন এসে নানা কথা জিজ্ঞেস করার বিষয়টা আমার কাছে অস্বস্তির ছিল। আমি আসলে এভাবে বেড়ে উঠিনি। এ রকম মনোযোগ পাওয়ার অভ্যাস ছিল না। দীর্ঘদিন পর বিষয়টা কেটেছে। শুরুতে রীতিমতো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারের মতো অবস্থা হতো। আমার ভালো লাগত না। আমাকে বলা হয়েছিল এসবে অংশ না নিলে লোকে অকৃতজ্ঞ ভাববে। কিন্তু আমি আসলে তা নই। আমার বিষয়টা মেনে নিতে বা এর সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হতো। অনেকটা সময় লেগেছে। এখন আগের চেয়ে ভালোভাবে সামাল দিতে পারি।’

নিজেকে কিছু ক্ষেত্রে আইডিয়ালিস্ট দাবি করেন সিদ্ধার্থ। তিনি বলেন, ‘কোনো কাজের মধ্যে ব্যক্তির ব্যক্তিগত স্পেসে অন্যের ঢুকে যাওয়ার ব্যাপারটা আমি মানতে পারি না। বিব্রত হই। তবে এখনো আমি সেটা মানিয়ে কাজ করছি।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস