আজ মুক্তি পাচ্ছে ইমরান মাহমুদুল ও পড়শীর নতুন গান। গানের শিরোনাম, ‘কথা একটাই’। আজ বিকালে পড়শীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘পড়শী’তে গানটি প্রকাশ পাবে।

ইমরান ও পড়শীর বেশকিছু জনপ্রিয় গান রয়েছে। এর মধ্যে ‘জনম জনম’, ‘এক দেখায়’, ‘দ্বিতীয় জীবন’, ‘আবদার’, ‘বলে দাও’, ‘যতনে রেখেছি তোমায়’, ‘হৃদয়ের গহীনে’ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের দ্বৈত গান পছন্দ করেন দর্শক। তাই আসছে নতুন গান।

এ নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘পড়শীর সঙ্গে বেছে বেছে গান গেয়েছি। যে কারণে প্রতিটি গানই দর্শক শ্রোতার ভীষণ ভালো লেগেছে। আমার ও পড়শীর গানের প্রতি শ্রোতা দর্শকের আলাদা আগ্রহ আছে, চাহিদা আছে। সে চাহিদার কথা বিবেচনা করেই আমরা একটি সিনেমাটিক গান করেছি, যার শিরোনাম কথা একটাই। শ্রোতা দর্শকের কথা ভেবেই গানটি করা। আজ প্রকাশ পাচ্ছে এ গান। সবার কাছে বিনীত অনুরোধ রইল গানটি মন দিয়ে শোনার জন্য। আশা করছি সবার ভালো লাগবে।’

গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

পড়শী বলেন, ‘ইমরান ভাই ও আমি যতগুলো গান গেয়েছি, বলা যায় প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। “কথা একটাই” নতুন প্রত্যাশা নিয়ে করা। দেখা যাচ্ছে যে জীবন মামা (রবিউল ইসলাম জীবন), ইমরান ভাই আর আমি তিনজন যে গানগুলো করেছি, প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তো মনে হচ্ছে যে এবারো আমাদের তিনজনের নতুন গান শ্রোতা দর্শকের ভালো লাগবে। কথা একটাই যেন বছর শেষে সবার প্রিয় গান হয়ে ওঠে এ প্রত্যাশায় আছি।’

গত ১ ও ২ নভেম্বর ঢাকার অদূরে পানাম সিটি, বিএফডিসি ও রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এর মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন প্রজন্মের মেধাবী নির্মাতা সৈকত রেজা। বিভিন্ন মুহূর্তের স্থির চিত্র ধারণ করেছেন শিথিল রহমান।