পুরস্কার মৌসুমে পৌঁছে যাচ্ছে বিনোদন দুনিয়া। অস্কার নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। সেই সঙ্গে এখন ধীরে ধীরে আলোচনা উঠছে বাফটা ও গোল্ডেন গ্লোব নিয়ে। গতকাল ঘোষণা করা হয়েছে গোল্ডেন গ্লোবের মনোনয়ন। এবার এগিয়ে আছে সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। সিনেমাটি বিভিন্ন বিভাগ মিলিয়ে ১০টি মনোনয়ন পেয়েছে। তবে এ বছর ভারতের জন্য সুখবর আছে। পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ও মনোনীত হয়েছে।
এমিলিয়া পেরেজ নিয়ে সারা বছরই আলোচনা ছিল। জ্যাক অডিয়ার্ড পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সেলেনা গোমেজ, কার্লা সোফিয়া গ্যাসকন ও জোয়ি সালদানা। ড্রাগ কার্টেল মিউজিক্যালটি নিয়ে অনেক সমালোচকই ইতিবাচক মন্তব্য করেছেন। এটি গোল্ডেন গ্লোবে বেশকিছু পুরস্কার পাবে এমন ইঙ্গিতও অনেকে করেছেন। এবার মনোনয়ন তালিকা ঘোষণার পর দেখা গেল সিনেমাটি সেরা মোশন পিকচার, সেরা চিত্রনাট্য, সেরা মৌলিক সংগীত, অভিনেত্রী প্রভৃতি বিভাগে মনোনয়ন পেয়েছে। মোট মনোনয়ন সংখ্যা ১০টি।
এরপর আলোচনায় আছে ব্র্যাডি করবেটের ‘দ্য ব্রুটালিস্ট’। সিনেমাটিতে অভিনয় করেছেন এড্রিয়ান ব্রডি। এ সিনেমা নিয়েও কান চলচ্চিত্র উৎসব থেকেই আলোচনা শুরু হয়েছে। সেরা মোশন পিকচার-ড্রামা বিভাগে মনোনীত হয়েছে দ্য ব্রুটালিস্ট। সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন এ সিনেমার এড্রিয়ান ব্রডি, ফেলিসিটি জোনস ও পার্শ্ব অভিনেতার মনোনয়ন পেয়েছেন গাই পিয়ার্স। এছাড়া চিত্রনাট্যের জন্যও এ সিনেমা মনোনয়ন পেয়েছে। ধারণা করা হচ্ছে একটি বিভাগে হলেও সিনেমাটি পুরস্কার পাবে।
এসব ছাড়াও ‘অ্যানোরা’, ‘চ্যালেঞ্জার্স’, ‘আ রিয়েল পেইন’, ‘দ্য সাবস্ট্যান্স’ থাকছে আলোচনায়। এ সিনেমাগুলো থেকে কোনোটি পুরস্কার পেয়ে যাবে বলে অনেকের ধারণা। বিশেষত দ্য সাবস্ট্যান্সে অভিনয়ের জন্য ডেমি মুর সেরা অভিনেত্রী হতেই পারেন। এছাড়া সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন মার্গারেট কোয়েলি। সেরা পরিচালকের মনোনয়নও পেয়েছেন কোরেইল ফ্র্যাগে।
ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট দুটি মনোনয়ন পেয়েছে—বেস্ট নন-ইংলিশ মোশন পিকচার ও সেরা পরিচালক। পায়েলের সিনেমাটি এর আগে কান চলচ্চিত্র উৎসবে গ্র্যাঁ পিঁ পেয়েছিল। সুতরাং গোল্ডেন গ্লোবে একটা পুরস্কার পেয়ে যেতেও পারে। যদিও মালয়ালি-হিন্দি সিনেমাটি অস্কারে পাঠানো হয়নি। পাঠানো হয়েছে কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’।
তবে অল উই ইমাজিন অ্যাজ লাইটের এ অর্জনে উচ্ছ্বসিত কিরণও। তিনি পায়েল কাপাডিয়াকে অভিন্দন জানিয়েছেন। তবে পোস্টের শুরুতে নিজের সিনেমার নামটি লিখে দিয়েছেন। হানসল মেহতাই সবার আগে বিষয়টি সামাজিক যোগযোগমাধ্যম এক্সে প্রকাশ করে অভিনন্দন জানান পায়েলকে। এছাড়া পায়েল ও তার সিনেমার জন্য অভিনন্দন জানিয়েছেন অনিল কাপুর, রানা দাগুবতি।
সূত্র: ভ্যারাইটি ও হিন্দুস্তান টাইমস










