ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বলিউডের দুই তরুণ অভিনেতা আয়ুষ্মান খুরানা ও ভিকি কুশল। এছাড়া সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে নেন তামিল অভিনেত্রী কীর্তি সুরেশ। গতকাল সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর হাত থেকে তারা এ পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে দাদাসাহেব ফালকে পুরস্কার নিতে অনুপস্থিত ছিলেন অসুস্থ অমিতাভ বচ্চন।
আন্ধাধুন চলচ্চিত্রের জন্য আয়ুষ্মান খুরানা, উরি : দ্য
সার্জিক্যাল স্ট্রাইক চলচ্চিত্রের জন্য ভিকি কুশলকে সেরা অভিনেতা ও মহান্তির জন্য কীর্তি সুরেশ সেরা অভিনেত্রী নির্বাচিত হন।
ব্যাক টু ব্যাক পারফরম্যান্স ও বক্স অফিসে ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দেয়া অক্ষয় কুমার তার চলচ্চিত্র প্যাডম্যান’র জন্য সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্রের পুরস্কার গ্রহণ করেছেন। বাধাই হো চলচ্চিত্রের জন্য সুস্থ বিনোদনের সেরা চলচ্চিত্রের পুরস্কার নিয়েছেন অমিত শর্মা এবং অসুস্থতার কারণে হুইলচেয়ারে বসে সেরা সহঅভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেছেন সুরেখা সিক্রি। অমিত শর্মা ও সুরেখা সিক্রি পুরস্কার গ্রহণকালে অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের ব্যাপক সাড়া পায়।
৬৬তম জাতীয় এ চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি চলচ্চিত্রের পুরস্কার জিতেছে আন্ধাধুন। আলোচিত অ্যাকশনধর্মী সিনেমা কেজিএফ সেরা স্পেশাল ইফেক্টস এবং অ্যাকশন বিভাগে পুরস্কার জিতেছে। সেরা সহঅভিনেতার পুরস্কার পেয়েছেন সনান্দ কিরকিরে (চুম্বক)। এছাড়া অন্য পুরস্কারের মধ্যে রয়েছে সেরা বাংলা চলচ্চিত্র এক যে ছিল রাজা, সেরা অভিষেক নির্মাতা সুধাকর রেড্ডি (নাল) এবং পরিবেশবিষয়ক সেরা মারাঠি সিনেমা পানি।
সূত্র: ইন্ডিয়ান টাইমস










