হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন। বহু ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমার নায়িকা তিনি। তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে তার অভিনীত ব্ল্যাক উইডো চরিত্রটি। সম্প্রতি তিনি জানালেন মার্ভেল থেকে চরিত্রটি বাদ পড়লেও দর্শক ও মার্ভেল ভক্তরা চরিত্রটিকে ভুলতে পারেনি।
যেকোনো সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীই সামাজিক যোগাযোগমাধ্যমে আজকাল সরব। এক্স, ইনস্টাগ্রামে তাদের নিয়মিত পোস্ট করতে দেখা যায়। কিন্তু জোহানসন এসবে বিশ্বাস করেন না। কিন্তু জুরাসিক ওয়ার্ল্ডে যুক্ত হওয়ার পর তাকে প্রযোজকরা অনুরোধ করেন ইনস্টাগ্রামে সরব হওয়ার জন্য। তাতে রাজি হননি জোহানসন। তিনি বলেন, ‘কিছুদিন আগে ইউনিভার্সাল পিকচার্স থেকে আমার কাছে একটা ই-মেইল আসে। সেখানে আমাকে বলা হয় ইনস্টাগ্রামে যুক্ত হতে চাই কিনা। কিন্তু আমার মনে হয় এসব প্রচার প্রচারণা করে নিজের কাছে সৎ থাকা যায় না।’
স্কারলেট জোহানসন নিজের মতো কাজ করতে চান। তিনি তার কাজ নিয়ে বেশি হইচই পছন্দ করেন না। তিনি বলেন, ‘আমি যে কাজ করি তার মূলে থাকে সততা। এটাই আমার কাজের প্রধান উপাদান। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম আমি পছন্দ করি না। অপছন্দের একটা কাজ জোর করে করলে সেটা কখনো ভালো হতে পারে না। আমার মনে হয় এসব ছাড়াই সিনেমাটা ভালো করবে।’
জুরাসিক ওয়ার্ল্ড বা এ ফ্র্যাঞ্চাইজি বহুদিন থেকেই জনপ্রিয়। জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ সিনেমাটিও ভালো করার সম্ভাবনাই বেশি। এটি ব্লকবাস্টার হলে স্কারলেটের ক্যারিয়ারে আরো একটি বড় ও সফল ফ্র্যাঞ্চাইজি থাকবে। কেননা এর আগে মার্ভেল ফ্র্যাঞ্চাইজিতে তিনি অন্যতম সেরার তকমা পেয়েছিলেন। ২০১৯ সালে অ্যাভেঞ্জার্স: এন্ডগেমের গল্প অনুসারে নাতাশা রোমানফ বা ব্ল্যাক উইডো মারা যায়। সেখানেই তার গল্প শেষ হওয়ার কথা, তবে এরপর ব্ল্যাক উইডোর গল্প নিয়ে একটি স্পিন-অফও নির্মাণ হয়েছিল। এরপর আর চরিত্রটি ফেরার সম্ভাবনা নেই। কিন্তু দর্শক-ভক্তরা এখনো ব্ল্যাক উইডোকে চায়।
এ নিয়ে স্কারলেট বলেন, ‘নাতাশা মারা গেছে। আমি বারবার বলি যে নাতাশা মারা গেছে। কিন্তু দর্শক বা নাতাশার ভক্তরা এ কথা মানতে চান না। তারা বলেন, ‘‘নাতাশাকে তো ফিরিয়ে আনা যায়।’’ কিন্তু আমার মনে হয় নাতাশাকে ফিরিয়ে আনার কোনো প্রয়োজন নেই। সে পৃথিবীকে বাঁচিয়েছে। তার কাজ শেষ। তাকে মহৎ হিসেবেই মনে রাখা ভালো।’
নাতাশাকে দেখা না গেলেও স্কারলেটকে দেখা যাবে। জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ মুক্তি পাচ্ছে আগামী ২ জুলাই।
সূত্র: ভ্যারাইটি










