শ্রীলংকান বংশোদ্ভূত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ, যিনি তার অভিনয় দিয়ে বলিউডে শক্তপোক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন। সম্প্রতি এ অভিনেত্রী বলিউডে এক দশক পূর্ণ করেছেন। এবার পরবর্তী পদক্ষেপের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। এ অভিনেত্রী জানিয়েছেন, প্রিয়াংকা চোপড়ার মতো তিনিও হলিউডের চলচ্চিত্রে মনোনিবেশ করতে চান। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম মিড-ডের প্রতিবেদনে বলা হয়েছে, রেস থ্রি  ও জুডুয়া টু-র পর জ্যাকুলিন আন্তর্জাতিক চলচ্চিত্রের দিকে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, হলিউডের স্বপ্ন পূরণে জ্যাকুলিন নাকি বলিউডের আটটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সম্প্রতি এ অভিনেত্রীর রেস থ্রি ও জুডুয়া টু  মুক্তির পর তিনি তার সময় কীভাবে পার করছেন, সে বিষয়ে বেশ মনোযোগী হয়ে উঠেছেন। বর্তমানে কিকখ্যাত এ অভিনেত্রী ভাষা নয়, বরং ভালো গল্পের খোঁজ করছেন। জ্যাকুলিন বর্তমানে আন্তর্জাতিক চলচ্চিত্রে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করছেন। আর এ কারণে তিনি বলিউডের বেশ কয়েকটি ছবি ফিরিয়ে দিয়েছেন, যে ছবিগুলোর মাধ্যমে তার বলিউডের একজন শীর্ষ অভিনেত্রী হওয়ার সুযোগ ছিল বলে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে।

জ্যাকুলিনকে শেষবার সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ড্রাইভ ছবিতে অভিনয় করেছেন। করণ জোহর প্রযোজিত ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা নেটফ্লিক্সে প্রচার করা হয়েছিল। ২০০৯ সালে সুজয় ঘোষের আলাদিন ছবির মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন। এরপর তাকে মার্ডার টু, হাউজফুল টু, হাউজফুল থ্রি  ছবিতে দেখা গেছে।