অভিনেতা অ্যালেন শুভ্রকে সবাই কমবেশি চেনেন। অভিনয়ের কারিশমা দিয়ে বিভিন্ন বয়সের দর্শককে মুগ্ধ করেছেন তিনি। সর্বশেষ অমিতাভ রেজা পরিচালিত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রিকশা গার্ল’-এ অ্যালেন শুভ্রর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। তবে সম্প্রতি ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’ নাটকে তার অভিনয়ও দর্শকের নজর কেড়েছে।
কেএম সোহাগ রানা পরিচালিত দেনা পাওনা ধারাবাহিকটি মাত্র ছয়টি পর্বে প্রচারের কথা ছিল। কিন্তু গত বছর শেষপ্রান্তে এ ধারাবাহিক প্রচার শুরু হওয়ার পর দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মেলে। যে কারণে পরবর্তী সময় পরিচালক কেএম সোহাগ রানা এর পর্ব বাড়াতে বাধ্য হন। এতে অভিনয় করা প্রসঙ্গে অ্যালেন শুভ্র বলেন, ‘নাটকটি কেবল ছয় পর্ব প্রচারের কথা ছিল। কিন্তু দর্শকের সাড়া পাওয়ায় পরবর্তী সময় প্রযোজক-পরিচালক পর্ব বাড়ানোর সিদ্ধান্ত নেন।’
দর্শককে কৃতিত্ব দিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে দর্শক আসলে এখন গল্প বোঝে। তারা যেকোনো গল্পের ধারাবাহিক উপভোগ করতে চায় না। দেনা পাওনা জীবনের সঙ্গে সম্পর্কিত বিধায় এ গল্পের নাটকের প্রতি দর্শকের ভালোবাসা আছে, দেখার আগ্রহ আছে। আমি সত্যিই এ নাটকে অভিনয় করে খুব সাড়া পাচ্ছি। নাটকটিতে যারা অভিনয় করছেন, প্রত্যেকেই যার যার চরিত্রে খুব ভালো করছেন।’
অ্যালেন শুভ্রর বিপরীতে নাটকটিতে অভিনয় করেছেন তাবাসসুম ছোঁয়া। তিনি বলেন, ‘যখন শুনেছি এ ধারাবাহিকে আমার মূল সহশিল্পী অ্যালেন শুভ্র ভাইয়া, তখনই নিজের ভেতর উচ্ছ্বাস কাজ করেছিল। পরবর্তী সময় তার সঙ্গে অভিনয় করে খুব ভালো লাগল। কারণ তিনি ন্যাচারাল অ্যাক্টিং করেন। অভিনয় সম্পর্কে অনেক কিছু জানলাম, শিখলামও। অবশ্যই ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের শ্রদ্ধেয় পরিচালক কেএম সোহাগ রানা ভাইকে। কারণ তার জন্যই মন দিয়ে নিজের চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পারছি।’
অ্যালেন শুভ্র অভিনীত প্রথম নাটক ছিল অমিতাভ রেজার ‘ইচ্ছে হলো’। তার অভিনীত প্রথম সিনেমা অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’। শুভ্রর ক্যারিয়ারে কিছু উত্থান-পতন আছে। তবে তিনি এখন নিয়মিত ভালো কাজ করার চেষ্টা করছেন।










