টার্টল ছবিতে সঞ্জয় মিশ্র অভিনয় করেছেন প্রযোজক অশোকের পিতামহ রামকরণ চৌধুরীর চরিত্রে
সঞ্জয় মিশ্র অভিনীত টার্টল ছবিটি গত বছর সেরা রাজস্থানি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নেয়। ভারতের রাজস্থান অঞ্চলের পানি সংকট নিয়ে নির্মিত ছবিটি ২১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সম্প্রতি সঞ্জয় বলেছেন, যদি জাতীয় পুরস্কারজয়ী একটি ছবি সারা দেশের মানুষ দেখতে না পায়, তাহলে সে পুরস্কারের কোনো মূল্য থাকে না।
সঞ্জয় মিশ্র বলেছেন, ‘জাতীয়
পুরস্কারজয়ী ছবি সারা দেশে দেখানোর ব্যবস্থা করা উচিত, যেন মানুষ সে ছবি দেখে সচেতন হতে পারে। তা না হলে পুরস্কারটির অপচয় হয়।’ সঞ্জয় আরো বলেছেন, টার্টল ছবিটি স্কুলের শিক্ষার্থীদের দেখানো উচিত। ‘সরকারের উচিত ছবিটি সারা দেশে প্রদর্শনের ব্যবস্থা করা। ছবিটিতে জলবায়ু পরিবর্তন বিষয়ে বার্তা আছে, তাই স্কুলের শিক্ষার্থীদের এটা দেখা উচিত। ১ রুপির টিকিটে স্কুলের শিশুদের জন্য ছবিটি দেখার ব্যবস্থা করা হলে প্রযোজকও উৎসাহিত হবেন, কারণ তিনি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সিনেমা নির্মাণ করেছেন।’
কিছুদিন আগে টার্টলের প্রযোজক অশোক চৌধুরী জানিয়েছিলেন, ছবিটি হলে মুক্তি দিতে গিয়ে তারা বিভিন্ন সমস্যায় পড়ছেন। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নির্মিত হলেও হল মালিকরা টার্টল ছবি দেখাতে আগ্রহী নন।
টার্টল প্রথম রাজস্থানি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতেছে। অশোক বলেন, ‘দুর্ভাগ্য
হলো এমন স্বীকৃতি পাওয়ার পরও থিয়েটারগামী দর্শকদের ছবিটি দেখানোর জন্য আমাদের প্লাটফর্ম খুঁজতে হচ্ছে।’
টার্টল ছবির গল্প প্রযোজক অশোকের পিতামহের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। ছবিতে সঞ্জয় মিশ্রের অভিনয় নিয়ে অশোক বলেছিলেন, ‘ছবিতে
আমার পিতামহ রামকরণ চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয়। তিনি একজন অসাধারণ মানুষ। সঞ্জয় মিশ্র এ ছবির সবচেয়ে বড় তারকা। তিনি একাই ছবিটি টেনে নিয়ে গেছেন। সঞ্জয় যেদিন ছবিতে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেন, সেদিনই আমার পিতামহ প্রয়াত হন। তিনি আমার দাদার পোশাক পরেই অভিনয় করেছেন।’
সূত্র: ইন্ডিয়া টুডে










