সময়ের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। টিভি নাটক, সিনেমা ও ওটিটি প্লাটফর্মে সরব উপস্থিতি এ অভিনেতার। একটা সময় টিভি নাটকেই তার ব্যস্ততা ছিল বেশি। সিনেমায়ও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এখন ওটিটি প্লাটফর্মেই বেশি কাজ করছেন তিনি।
এদিকে টিভি নাটকেই জনপ্রিয় হয়ে উঠেছেন সাবিলা নূর। তিনি ওটিটি প্লাটফর্মে কাজ করেও আলোচনায় এসেছেন। গত বছরের শেষ প্রান্তে শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কৃতও হয়েছেন। শ্যামল মাওলা ও সাবিলা নূর এবারই প্রথম একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘মাকড়সা’। এটি আগামী ঈদে দীপ্ত টিভিতে প্রচারের জন্য নির্মিত। নাটকটি রচনা করেছেন রেবেকা সুলতানা কেয়া। নির্মাণ করেছেন রাগীব রায়হান পিয়াল। এরই মধ্যে এর শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা পিয়াল শ্যামল মাওলা ও সাবিলা নূরের অভিনয়ে ভীষণ খুশী। তাদের নিয়ে কাজ করেও তিনি ভীষণ উচ্ছ্বসিত। সাবিলা নূর বলেন, ‘সাসপেন্স আর থ্রিলারেই গল্প এগিয়ে যাবে। শেষটা দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকবেন নিশ্চিত। মাকড়সার গল্প ও আমার চরিত্র খুব ভালো লেগেছে। মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ পরিচালক পিয়াল বলেন, ‘নাটকে প্রথমবার তারা দুজন একসঙ্গে অভিনয় করেছেন। দুজনই এক কথায় দারুণ অভিনয় করেছেন। আমি খুবই আশাবাদী মাকড়সা নাটকটি নিয়ে। আমার বিশ্বাস গল্পটা একেবারেই অন্য রকম, সেই সঙ্গে তারা যেমন দুর্দান্ত অভিনয় করেছেন, তাতে দর্শকও ভীষণ মুগ্ধ হবে।’ এরই মধ্যে অনলাইনে প্রচারে এসেছে শ্যামল মাওলার নতুন ওভিসি ‘গোল্ডেন প্লাস টিভি’। এটি নির্মাণ করেছেন মোস্তফা তারিক হাদী। সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি, যা আইস্ক্রিনে দেখা যাচ্ছে।










