বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজল। ১৯৯৩ সালে বাজিগর ছবিতে অভিনয়ের মাধ্যমে তাদের যাত্রা হয়। এরপর করণ-অর্জুন, দিলওয়ালে, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, মাই নেম ইজ খানসহ অনেক ছবিতে জুটি বেঁধে কাজ করেন তারা। সম্প্রতি এ অভিনেত্রী ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। সেখানে তার এক ভক্ত প্রশ্ন করে বসেন, যদি অজয়ের সঙ্গে তার দেখা না হতো, তাহলে কি শাহরুখকে বিয়ে করতেন? ভক্তের এমন প্রশ্নের উত্তর খুব কৌশলেই দেন এ অভিনেত্রী। প্রশ্নের জবাবে তিনি বলেন, তার কি উচিত ছিল না আমাকে প্রস্তাব দেয়ার? তবে এখানেই থেমে থাকেননি তার ভক্তরা। আরো অনেক প্রশ্ন করা হয় তাকে। তার প্রথম ক্রাশ কে ছিল? এ প্রশ্নের উত্তরে কাজল বলেন, ‘বিয়ে আমার প্রথম ক্রাশ।’

পর্দায় কাজল-শাহরুখের রসায়ন দর্শকদের মুগ্ধ করলেও বাস্তবে কাজল ভালোবেসে ১৯৯৯ সালে অজয় দেবগনকে বিয়ে করেন। এরই মধ্যে অজয়-কাজল বিয়ের ২০ বছর অতিক্রম করেছেন। এ দম্পতি ইউ মি অর হাম, তুনপুর কা সুপার হিরো, পেয়ার তো হোনা হি থা, রাজু চাচা, গুণ্ডারাজ, দিল কিয়া কারে, ইশকসহ অনেক ছবিতে অভিনয় করেছেন। সর্বশেষ তানহাজি: দি আনসাং ওয়ারিওর ছবিতে প্রায় এক দশক পর তারা একসঙ্গে জুটিবদ্ধ হন। ছবিটি আগামী বছর ১০ জানুয়ারি মুক্তি দেয়া হবে।

 

সূত্র: ডিএনএ