বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তি ২৭ ডিসেম্বর। জমজমাট আয়োজনে পালিত হতে যাচ্ছে বিশেষ দিনটি। এদিন বিকাল ৪টায় কারওয়ান বাজার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ভবন ‘এনএলআই’ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন হবে। অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারো জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২৩’ প্রদান করা হবে।
এবারের হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড (আজীবন) সম্মাননা পাচ্ছেন বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও খুরশিদ আলম। এছাড়া আরো অনেক গুণীজন তাদের অবদানের স্বীকৃতি হিসেবে ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ পাবেন।
জানা গেছে, অনুষ্ঠানে সংগীতাঙ্গনের প্রায় অর্ধশত তারকাশিল্পী উপস্থিত হয়ে পারফরম্যান্স করবেন। এদের মধ্যে সৈয়দ আবদুল হাদী, খুরশিদ আলম, ফকির শাহাবুদ্দীন, রিজিয়া পারভীন, শাহনাজ বেলী, এসএম শফি, স্বীকৃতি, সুমি শবনম, সোহেল মেহেদী, তাহরিমা বতুল রিভা, তাবিজ ফারুক, তাজুল ইসলাম, নেহা, নাসির, সুলতানা চৌধুরী, রবিন আহমেদ, জাবুল ইসলাম, নওশীন মনজুর, ক্লোজআপ তারকা নোলক বাবু, শাহনাজ বাবুসহ অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ কজিম উদ্দিন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম ইব্রাহীম পাটোয়ারী।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকার কথা রয়েছে গীতিকার শহিদুল্লাহ ফরায়জী, নায়ক কায়েস আরজু, মাসুদুর রহমান মিলকী, ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (প্রসিডিউর), সৈয়দ নুরুজ্জামান জুবেদ, সাঈদ মোহাম্মদ আসাদুজ্জামান, অনশ্বর ও গল্পঘরের প্রধান সম্পাদক সাইফুল ফারুকীসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা।










