রহস্যময় শিল্পী বাঙ্কসি আবারো দেখা দিলেন তার নতুন স্ট্রিট আর্ট নিয়ে। তার এবারের প্রতিপাদ্য ‘নিরাশ্রয়’। চলতি ক্রিস্টমাস উৎসবকে সামনে রেখে তিনি এ থিমটিকে জুুতসই হিসেবে বিবেচিত করেছেন বলে ধারণা করা হচ্ছে। বার্মিংহামের বিলাসবহুল জুয়েলারি কোয়ার্টারের একটি রাস্তার পাশের দেয়ালে এ গ্রাফিতি আঁকেন তিনি। গত সোমবার থেকে সবার নজরে আসে গ্রাফিতিটি। এতে দেখা যায়, দুটি হরিণের গাড়ি তারকাখচিত আকাশের পথ ধরে ঊর্ধ্বমুখী হয়ে ছুটে চলেছে। এমনভাবে এ চিত্রকর্ম তৈরি করা হয়েছে যে, এর পাশে থাকা একটি বেঞ্চে কেউ বসলেই মনে হবে হরিণের গাড়িতে সওয়ার হয়ে তিনি ছুটে চলেছেন স্বপ্নের কোনো জায়গায়।
ম্যুরালটি নিয়ে বাঙ্কসির ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সোমবার, যা প্রকাশের পরপরই প্রায় ১০ লাখ মানুষ প্রত্যক্ষ করেছে। পেজে ভিডিওটি শেয়ারের পাশাপাশি বাঙ্কসির উদ্ধৃতি দিয়ে সেখানে দেখানো হচ্ছে, রায়ান নামের একজন গৃহহীন মানুষ, শহরের রাস্তার ধারে একটি ডাস্টবিনের পাশে পড়ে থাকা বেঞ্চে বসেন। এরপর তার ব্যাগ থেকে পানির বোতল বের করে তা পান করে শুয়ে পড়ছেন।
‘২০ মিনিট ধরে বেঞ্চটিতে আমরা রায়ানের চিত্র ধারণ করেছি। এ সময়ের মধ্যে ফুটপাতের পথচারীদের কয়েকজন তার কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করেই তাকে হট ড্রিংক, দুটি চকোলেট বার ও একটি লাইটার দেয়’— বলেন
বাঙ্কসি। অবশ্য বার্মিংহামের মানুষের এ বদান্যতার প্রশংসা করেছেন বাঙ্কসি। এ নিয়ে ইনস্টাগ্রাম পেজে বাঙ্কসির উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে, ‘গড
ব্লেস বার্মিংহাম’। এর আগে গত মাসে বাঙ্কসির ২০০৮ সালে আঁকা একটি ম্যুরাল নটিংহিলে আবিষ্কার করা হয়।
উল্লেখ্য, বাঙ্কসির চিত্রকর্মে সবসময়ই প্রতিফলিত হয় সমাজ সময়ের রাজনীতি। তার আঁকা ‘বেলুন গার্ল’ নামের গ্রাফিতিটি এর মধ্যে অন্যতম। এটি প্রকাশের পর এত বেশি আলোচনা তৈরি হয়েছিল যে, শেষ পর্যন্ত ব্রিটেনে ‘জাতির জনপ্রিয় শিল্পকর্ম’ শীর্ষক এক ভোটের আয়োজন করা হয়। সবাইকে অবাক করে দিয়ে সে ভোটে বাঙ্কসির বেলুন গার্লই সেরা শিল্পকর্মের খেতাব জিতে নেয়।
সূত্র: ইনডিপেনডেন্ট










