ঈদুল ফিতরে হইচইয়ে মুক্তি পাচ্ছে নতুন রোমান্টিক–কমেডি সিনেমা ‘একসাথে আলাদা’। এটি হইচই বাংলাদেশের জন্য প্রথম ১ ঘণ্টার সিনেমা, যেখানে আধুনিক শহুরে জীবন, সম্পর্কের সূক্ষ্ম দ্বন্দ্ব এবং প্রেমের মিশ্র অনুভূতি ফুটে উঠেছে। এর আগে ওটিটি প্লাটফর্মটিতে মূলত দীর্ঘ ধারাবাহিক সিরিজ বা পূর্ণদৈর্ঘ্য সিনেমাই দেখা গেছে।
নতুন এ চলচ্চিত্রে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও পারসা ইভানা, যাদের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন রেজাউর রহমান এবং এটি আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান, ব্যক্তিগত স্পেস ও সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত।
পরিচালক রেজাউর রহমান বলেন, ‘আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি, যেখানে ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্পেস আর ক্যারিয়ারের চাপের কারণে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। এটি সময়োপযোগী গল্প বলার চেষ্টা করবে, যা দর্শকদের জীবনের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করবে।’
অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘আমাদের চারপাশের পরিচিত অনেক মানুষের সঙ্গে গল্পটা মিলে যাবে। পোস্টার প্রকাশের পর দর্শকদের আগ্রহ দেখে ভালো লেগেছে। আশা করছি, মুক্তির পর সেই আগ্রহ আরো বাড়বে।’
অভিনেত্রী পারসা ইভানা বলেন, ‘রোমান্টিক কমেডির মধ্যে এখানে সূক্ষ্ম মানবিক অনুভূতিও আছে। যশ আর আমি সেই অনুভূতিগুলো পর্দায় সত্যি করে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে দর্শক সহজেই নিজেকে চরিত্রগুলোর সঙ্গে যুক্ত করতে পারে।’
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘দর্শকদের জন্য নতুন ও বৈচিত্র্যময় গল্প তুলে ধরাই আমাদের লক্ষ্য। সেই ধারাবাহিকতায় ‘একসাথে আলাদা’ আমাদের বছরের অন্যতম বিশেষ কাজ হতে যাচ্ছে। এটি আমাদের প্লাটফর্মের জন্য নতুন দিকনির্দেশনা হিসেবেও গুরুত্বপূর্ণ।’
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকার প্রমুখ।










