দুরন্ত টিভির এ নতুন সিজনের প্রতিটি অনুষ্ঠানেই থাকছে ভিন্নধর্মী গল্প ও উপস্থাপনা। কখনো মজার অভিযান, কখনো জানার আনন্দ দেবে আয়োজনগুলো। থাকছে নতুন অনুষ্ঠান ‘অল্প স্বল্প গল্প কথা’ ও ‘রঙ বেরঙের গল্প-সিজন ৭’। থাকছে পাপেট নাটক ‘অবাক করা গাছের দেশে-সিজন ২’। সেই সঙ্গে নিয়মিত অনুষ্ঠান আরো থাকছে ‘আমার ছবি আমার গল্প’, ‘মজার কাণ্ড তায়কোয়ানদো’, ‘বলো তো দেখি’, কার্টুন সিরিজ ‘ফোর অ্যান্ড এ হাফ ফ্রেন্ডস’, ‘স্পেস নোভা’, ‘লেক্সি অ্যান্ড লটি ট্রাস্টি টুইন ডিটেকটিভস’ ইত্যাদি।
নানা দেশের নানা রূপকথার গল্প নিয়ে দুরন্ত টিভিতে আসছে ‘অল্প স্বল্প গল্প কথা’। প্রতি পর্বে থাকছে তিন কৌতূহলী বন্ধু, এক প্রাণবন্ত আপু আর পাপেট গ্র্যানি। বন্ধুদের গল্প বলার সঙ্গী হবেন গ্র্যানি। তিনি তার গল্পের ঝুলি থেকে শোনাবেন পৃথিবীর নানা দেশের মজার সব রূপকথার গল্প। আগামী ১ মে থেকে প্রতি শুক্র ও শনিবার বেলা ১টা ৩০ মিনিট ও রাত ৮টায় প্রচার হবে অনুষ্ঠানটি।
গল্প শুনতে কে না ভালোবাসে। সে গল্প যদি ছবি হয়ে ওঠে? গল্প শোনার সে ভাবনা থেকে নতুন করে আবার আসছে দুরন্ত টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘রঙ বেরঙের গল্প-সিজন ৭’ নিয়ে। ১ মে থেকে প্রতি শুক্র ও শনিবার সকাল ৮টায় ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে আয়োজনটি।

শিশুদের আঁকা ছবি ও লেখা গল্প নিয়ে অনুষ্ঠান ‘আমার ছবি আমার গল্প’। প্রতি পর্বে দুজন বন্ধু তাদের ছবি ও গল্পসহ হাজির হবে। তাদের আঁকা ছবিগুলোই মোশন গ্রাফিকস ও কণ্ঠাভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে এ অনুষ্ঠানে। ২৬ এপ্রিল থেকে বেলা ১টা ৩০ মিনিটে ও রাত ৮টায় প্রচার হবে অনুষ্ঠানটি।
রোববার থেকেই শুরু হচ্ছে ‘মজার কাণ্ড তায়কোয়ানদো’। একজন প্রশিক্ষক তায়কোয়ানদোর নানা কৌশলের সঙ্গে আত্মরক্ষার সহজ কৌশলগুলো দেখাবেন। প্রশিক্ষকের দেখানো কৌশল অনুষ্ঠানের বন্ধুরা অনুশীলন করবে। রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ও রাত ৯টায় দেখা যাবে অনুষ্ঠানটি।
আমাদের সবুজ পৃথিবী ধ্বংস করতে চেয়েছিল দুষ্টু কারবানরা। সত্য, তার বিজ্ঞানী দাদু, জিটু আর তাদের দলবলের সাহস-বুদ্ধিমত্তার কাছে কারবানরা হার মেনেছিল সেবার। কারবানরা আবার করেছে ভয়ানক পরিকল্পনা। সত্যরা কি হারাতে পারবে দুষ্টু কারবানদের? জানা যাবে পাপেট নাটক ‘অবাক করা গাছের দেশে-সিজন ২’তে । পাপেট নাটকটির প্রচার শুরু হবে ১ মে থেকে প্রতি শুক্র ও শনিবার বেলা ১টায় ও সন্ধ্যা ৭টায়।
অনুমান ও বুদ্ধি, দুইয়ে মিলে ‘বলো তো দেখি’, আসছে। অনুষ্ঠানটিতে থাকবে ছয়টি মজার রাউন্ড! রাউন্ডগুলো খেলতে অংশ নেবে তিন সদস্যের দুইটি দল। তাদের বুদ্ধি, কৌতূহল আর মজার গল্প দিয়ে সাজানো হয়েছে ‘বলো তো দেখি!’ ১ মে থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ১২টায় ও রাত ৯টায় প্রচার হবে আয়োজনটি।
আরো থাকছে ‘লেক্সি অ্যান্ড লটি ট্রাস্টি টুইন ডিটেকটিভস’, ‘স্পেস নোভা’, ‘ফোর অ্যান্ড এ হাফ ফ্রেন্ডস’।










