ছোট পর্দা ও ওটিটির জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নাটক ও ওয়েব সিরিজে দেখা গেলেও বড় পর্দায় এখনো অভিষেক হয়নি তার। সমসাময়িক অনেক অভিনেত্রী এরই মধ্যে সিনেমায় কাজ শুরু করেছেন, তবে সাফা এখনো বড় পর্দা থেকে দূরে থাকছেন। সম্প্রতি এ প্রসঙ্গে অভিনেত্রী নিজেই ফেসবুকে প্রকাশ করেছেন তার অনুভূতি।

সাফা কবির জানিয়েছেন, তিনিও সিনেমায় অভিনয় করতে আগ্রহী। তবে কিছু নেতিবাচক মন্তব্য ও কটূক্তি থেকে ভয় কাজ করছে তার মধ্যে। তিনি বলেন, ‘বড় পর্দায় কবে আমাকে দেখা যাবে, এ প্রশ্ন অনেক দিন ধরে শুনছি। আমিও নিজেকে সিনেমায় দেখতে চাই। কিন্তু এখন একটু ভয় হয়। সাম্প্রতিক সময়ে নাটকের অনেক ভালো অভিনেত্রী সিনেমা করছে। তবে কিছু মানুষ তাদের নাটকের নায়িকা বলে কটাক্ষ করছে। এ ধরনের মন্তব্য আমাকে নিরুৎসাহিত করছে। আমি এখন পর্যন্ত বড় পর্দায় আসিনি, কিন্তু নেগেটিভ মন্তব্যের কারণে ভয় পেয়ে যাচ্ছি।’

তিনি আরো উল্লেখ করেন, ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলেন সাবিলা নূর। ওই সিনেমায় ছোট পর্দার অনেক শিল্পী কাজ করেছেন। শাকিব খান বলেছিলেন, শিল্পীদের ছোট ও বড় পর্দা বলে ভেদাভেদ করা উচিত নয়। কিন্তু বাকিরা কেন ভেদাভেদ করছেন? এটা আমার প্রশ্ন। ভেদাভেদের কথা শুনলে ভয় লাগে, খারাপ লাগে। এটা করা উচিত না।’

সাফা আরো বলেন, ‘আমরা শিল্পীরা একটা পর্যায় থেকে আরেকটি পর্যায়ে যেতে চাই। তার জন্য প্রয়োজন সবার উৎসাহ ও ভালোবাসা।’

ইদানীং নাটকেও কম দেখা যাচ্ছে সাফা কবিরকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কিছুদিন বিরতিতে ছিলাম। ক্যারিয়ারের ১১ বছরের জার্নির পর এখন মনে হচ্ছে নতুন কোনো গল্প ও চরিত্র পাচ্ছি না। পেলেও সেটা খুব কম। এ কারণেই কাজের পরিমাণ কমে গেছে।’

যদিও সাফা বিস্তারিত জানাননি, তবে তিনি উল্লেখ করেছেন আগামী মাসে দর্শকদের জন্য কিছু ভালো খবর রয়েছে। তবে সে খবর কী তা তিনি এখনো প্রকাশ করেননি।