বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দাঁড়কাক এবার প্রদর্শিত হতে যাচ্ছে বেলারুশের ৩১তম মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে। উৎসবটি শুরু হবে ৩১ অক্টোবর এবং চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। এবারের আসরের স্লোগান ‘ভাবনা বদলে দেওয়ার গল্প’।
চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর বেলা ৩টায় মিনস্কের মস্কো সিনেমা হলে। এ উৎসবে মোট ৪১টি দেশের ১৫৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। দেশ-বিদেশের সিনেমাপ্রেমীদের জন্য এটি একটি অনন্য মিলনের সুযোগ।
দাঁড়কাক পরিচালনা করেছেন জায়েদ সিদ্দিকী। চলচ্চিত্রটি অনুপ্রাণিত শহীদুল জহিরের একটি ছোটগল্প থেকে, যা মানুষের সম্পর্ক, সামাজিক মূল্যবোধ ও পরিবারের ভেতরের আবেগকে কেন্দ্র করে তৈরি। গল্পের মূল চরিত্র তোরাব শেখ। সে এক বয়স্ক মানুষ, যাকে পরিবারের অনেকেই অপ্রয়োজনীয় মনে করে। অবহেলা ও অপমানের কারণে মানুষটি বাড়ি ছাড়ে এবং এ ঘটনাই পরিবারের সদস্যদের শেখায় তার প্রকৃত গুরুত্ব ও অস্তিত্বের মূল্য।
চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্ট্যোপাধ্যায়, যিনি তোরাব শেখের চরিত্রে দর্শককে শক্তিশালী আবেগময় অভিনয় দেখান। এছাড়া অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা ও এবিএম সাইদুল হক। নতুন মুখ হিসেবে দেখা যাবে জেরিন আক্তার শিমুল ও আখলাকুজ্জামান খানকে।
এখন পর্যন্ত দাঁড়কাক ১১টি দেশের ১৮টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এরই মধ্যে চলচ্চিত্রটি বাংলাদেশের হিল চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে এবং ভারতের শিমলা চলচ্চিত্র উৎসবে অর্জন করেছে বিশেষ জুরি পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি।










