ছোট পর্দার প্রিয় মুখ তানজিন তিশা। প্রায় ১০ বছর ধরে নাটকে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নানা চরিত্রে নিজেকে মানিয়ে নেয়া এবং অভিনয়ে নতুন মাত্রা যোগ করায় তিশা আজ নাট্যপ্রেমীদের চোখে এক আলাদা পরিচয় তৈরি করেছেন।

তবে এখন পর্যন্ত তাকে বড় পর্দায় দেখা যায়নি। অনেক সমকালীন তারকা যখন সিনেমার রুপালি পর্দায় চোখ ধাঁধানো যাত্রা শুরু করেছেন, তিশার নাম সেখানে দেখা যায়নি। তবু তার ভক্তরা অপেক্ষা করছেন কখন তিশা সিনেমার জগতে প্রবেশ করবেন।

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে গুঞ্জন ছড়ায়, তিশা নতুন কোনো সিনেমায় কাজ করতে যাচ্ছেন। কিন্তু সে খবর প্রায়ই গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে। সম্প্রতি জানা গেছে, পশ্চিমবঙ্গে ‘ভালোবাসার মরসুম’ নামের সিনেমায় তার কাজ হতে পারে। তবে ভিসা ও আনুষ্ঠানিক জটিলতার কারণে শুটিং শুরু হয়নি।

এদিকে নতুন গুঞ্জন আরো তীব্র হচ্ছে। বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের পরিচালনায় আসন্ন মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘সোলজার’-এ দেখা যেতে পারে তিশাকে। যদিও বিষয়টি মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে, লিখিত চুক্তি এখনো হয়নি। শুটিং শুরু হবে সেপ্টেম্বরে বলে জানা গেছে।

তিশার নাটকের ভক্তরা বিশেষভাবে চান, তিনি শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করুন। ফেসবুক ও অন্যান্য সোশ্যাল প্লাটফর্মে এ নিয়ে আলোচনা বাড়ছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিশা বলেন, ‘আমার দর্শক যেটা চান, আমি সেটাই চাই। আমি সবসময় অপেক্ষা করি ভালো বাজেট ও মানসম্মত কাজের। বেছে বেছে সেরা কাজের সঙ্গে থাকতে চেষ্টা করি।’

তিনি আরো যোগ করেন, ‘শিগগিরই আমাকে সিনেমায় দেখা যাবে। এটাকে রাখছি একটি সারপ্রাইজ হিসেবে।’ তিশা দর্শকের উদ্দেশে বলেন, ‘আমার দর্শকের জন্যই আজ আমি এখানে। আমার সত্যিকারের ভক্তরা আছে, তাদের জন্যই আমি সব করি। সবসময় আমাকে ভালোবাসা ও সমর্থন দেয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞ।’

নাটক ও ছোট পর্দার জগতে নিজের ছাপ রেখে তিশা এখন সিনেমার জগতে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। ভক্তদের আগ্রহ এখন ক্রমেই বাড়ছে, এবার হয়তো রুপালি পর্দায় তিশার নতুন রূপ সবাইকে মুগ্ধ করবে।