‘দ্য মাস্ক’ মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে। কমিক বুকের গল্প থেকে নির্মিত সিনেমাটি রীতিমতো উন্মাদনা তৈরি করে। কমিক বুকের চরিত্রটিকে সেবার রুপালি পর্দায় এসেছিল হলিউড তারকা জিম ক্যারির হাত ধরে। কেবল তার ভক্তদের নয়, কমিক বুক ভক্তদের কাছেও সিনেমাটি মধুর স্মৃতি হয়ে রয়েছে। সম্প্রতি সে স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুললেন খোদ অভিনেতা জিম ক্যারি। তিনি জানালেন, দ্য মাস্কের সিকুয়ালের জন্য তিনি কাজ করতে আগ্রহী। তবে অবশ্যই গল্পটিকে জুতসই হতে হবে।
জিম ক্যারি বলেন, ‘সিনেমাটিকে অবশ্যই জুতসই হতে হবে। যদি কারও কাছে সঠিক গল্প থাকে, তাহলে আমি ভাবব...এটি টাকার জন্য নয়। কখনো মজা করে হয়তো টাকা নিয়ে কথা বলি...তবে জানি না। বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যায় না। আমি বলেছিলাম, অবসর নিতে চাই। কিন্তু সম্ভবত সক্ষমতা জমিয়ে রেখেছি। কারণ যখনই ভালো কোনো গল্প আসে বা এমন কোনো মানুষ আসে যাদের সঙ্গে কাজ করা উপভোগ্য, তখন জিনিসগুলো পরিবর্তন হতে শুরু করে।’
দ্য মাস্ক সিনেমায় ব্যাংকের কেরানি স্ট্যানলি ইপকিস সুপারহিরোয় পরিণত হয়। সে একটি রহস্যময় মুখোশ পরার পর বিপুল শক্তি অর্জন করে। সিনেমাটিতে জিম ক্যারির সঙ্গে অভিনয় করেছেন ক্যামেরন ডিয়াজ ও পিটার রাইগার্ট। অবশ্য এটাই একমাত্র বড় চরিত্র নয়, যার ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি How the Grinch Stole Christmas সিকুয়ালেও ফিরে আসবেন, যদি আমরা গ্রিঞ্চের পোশাক ঠিক করতে পারি। ২০০০ সালের এ সিনেমায় তিনি তার চরিত্র হিসেবে গ্রিঞ্চের জন্য পুরো শরীরের প্রস্থেটিক সবুজ স্যুট ও মেকআপ নিয়েছিলেন। বিষয়টি তার জন্য ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা।
জিম ক্যারি সম্প্রতি Sonic the Hedgehog সিনেমার সিকুয়ালও পুনরায় করেছেন। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি সিনেমাটির সিকুয়ালে ফিরে এসেছি। কারণ প্রথমত আমি দুর্দান্ত এক চরিত্রে অভিনয় করছি, যা কিছুটা চ্যালেঞ্জিং। দ্বিতীয়ত আমি অনেক কিছু কিনেছি, সত্যি বলতে হলে টাকার প্রয়োজন।’
২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে ‘সোনিক দ্য হেজহগ থ্রি’। এটি পরিচালনা করেছেন জেফ ফাওলার। প্রযোজনায় রয়েছে প্যারামাউন্ট পিকচারস। মূল সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। স্টুডিও ফিল্ম হিসেবে তা ছিল ক্যারির জন্য বেশ ভালো একটি প্রজেক্ট। ফাঁকে ফাঁকে তখন ‘দ্য ব্যাড ব্যাচ’ ও ‘ডার্ক ক্রাইমস’ নামের দুটি ইন্ডি ছবিতেও কাজ করেন তিনি। এছাড়া ‘স্যাটারডে নাইট লাইভ’ নামের একটি শোয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রূপেও হাজির হয়েছিলেন।
সূত্র: হলিউড রিপোর্টারস










