এসময়ের দর্শকপ্রিয় আলোচিত মুখ তানিয়া বৃষ্টি। প্রতিনিয়তই নাটকের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তিনি। সময়ের সেরা নাট্যনির্মাতাদের নাটকে অভিনয় করেছেন। তার প্রতিটি নাটকের গল্পে ও চরিত্রে থাকছে ভিন্নতা। সেসব চরিত্রে তার দুর্দান্ত অভিনয়ও দর্শককে মুগ্ধ করছে। গত এক মাসের মধ্যে তানিয়া বৃষ্টি অভিনীত পরপর পাঁচটি নতুন নাটক ইউটিউবে প্রচারে এসেছে। নাটকগুলো হলো মহিন খানের ‘বউ দোকানদার জামাই ক্যাশিয়ার’, জুবায়ের ইবনে বকরের ‘আনিস সাহেব’ ও ‘পুতুলের ঘর’, ইশতিয়াক আহমেদের ‘ফিরে এসো অনিন্দিতা’, মিতুল খানের ‘মরতে মরতে বেঁচে গেলাম’ ও রিপন রহমানের ‘ব্রেকআপ বাবু’। এর মধ্যে সর্বশেষ প্রকাশিত নাটক মহিন খানের বউ দোকানদার জামাই ক্যাশিয়ার। দুই সপ্তাহেরও বেশি সময় আগে এ নাটকের শুটিং হয়েছে রাজধানীর অদূরে পুবাইলের একটি শুটিং বাড়িতে। এ নাটকের রচয়িতাও মহিন খান। ১৩ ডিসেম্বর নাটকটি গোল্লাছুট এন্টারটেইনমেন্টে প্রকাশের পর এরই মধ্যে ১১ লাখের বেশি ভিউয়ারস নাটকটি উপভোগ করেছেন। অন্য নাটকগুলোও দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেছেন। একেকটি নাটকে তানিয়া বৃষ্টির একেক রকমের চরিত্রের অনবদ্য উপস্থিতিই মূলত দর্শককে মুগ্ধ করছে। তিনি এ সময়ে এসে অভিনয়ে নিজেকে এতটাই সিদ্ধহস্ত করে তুলেছেন যেন যেকোনো চরিত্রে সহজে মেনে নিতে পারেন। অভিনয়ের কারণে দর্শকের কাছেও হয়ে উঠেছেন ভীষণ প্রিয় এক নাম। নতুন এ ছয় নাটকে অভিনয় ও নিজের আগামী দিনের কাজ প্রসঙ্গে তানিয়া বলেন, ‘মহিন খান নির্মিত সর্বশেষ নাটকটির জন্য প্রচারের প্রথম দিন থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। এছাড়া অন্য পাঁচটি নাটকের জন্যও দর্শক সাড়া মিলছে। সত্যি বলতে কী, একেকটি নাটকের গল্প একেক রকম। যে কারণে দর্শক ভিন্নতা পাচ্ছেন। প্রত্যেক পরিচালকের প্রতিই আমার আন্তরিক কৃতজ্ঞতা।’