ছয় দশকেরও বেশি সময় ধরে সিক্রেট সার্ভিস ঘরানার সিনেমায় একচ্ছত্র আধিপত্য দেখিয়ে এসেছে ব্রিটিশ এজেন্ট ‘জেমস বন্ড’ ও এ ফ্র্যাঞ্চাইজির নির্মাতা প্রতিষ্ঠান ইয়ন ফিল্মস। কে হবেন পরবর্তী বন্ড কিংবা তার অস্ত্র, পোশাক, মিশনের নিয়ন্ত্রণ ছিল ইয়নের স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলির হাতে। দীর্ঘ ৬৩ বছর পর তাদের হাতে আর থাকছে না সে নিয়ন্ত্রণ।
সম্প্রতি ইয়ন ফিল্মসের কাছ থেকে বিখ্যাত এ সিরিজের স্বত্ব কিনে নিয়েছে অ্যামাজনের এমজিএম স্টুডিও। নয়া মালিকানায় সিরিজটিকে আরো রোমাঞ্চকর ও দর্শকপ্রিয় করতে এর সঙ্গে দুজন হ্যাভিওয়েট প্রযোজককে চূড়ান্ত করছে অ্যামাজন। তারা হলেন ‘হ্যারি পর্টার’-এর ডেভিড হেইম্যান ও ‘স্পাইডার ম্যান’-এর অ্যামি প্যাসকেল। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পাক বলছে, অ্যামাজন-মিজিএমের সিনিয়র নির্বাহী মাইক হপকিন্স, জেন সাল্কে ও কোর্টনি ভ্যালেন্টির পছন্দ অনুসারে হেইম্যান ও পাসকেলকে দীর্ঘমেয়াদি এ দায়িত্বের জন্য চূড়ান্ত করা হয়েছে। এখন এমজিএম স্টুডিওর পক্ষ থেকে তাদের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে।
জেকে রাওলিংয়ের হ্যারি পটার সিরিজের সিনেমার স্বত্ব নিয়ে পুরো আটটি চলচ্চিত্রের সিরিজ ও তিনটি ফ্যান্টাস্টিক বিস্টের তিনটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন হেইম্যান। তার আরো উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে নোয়া বাউমব্যাক পরিচালিত ম্যারেজ স্টোরি অ্যান্ড হোয়াইট নয়েজ, কোয়ান্টিন টারান্টিনো পরিচালিত ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ও গ্রেটা গারউইগ পরিচালিত ‘বার্বি’।
পাসকেল ২০১৫ সাল পর্যন্ত সনি ফিল্ম ডিভিশনের চেয়ার ছিলেন। তিনি বন্ড সিরিজের ‘ক্যাসিনো রয়্যাল’, ‘কোয়ান্টাম অব সোলেস’ ও ‘স্কাইফল’ সিনেমার আদ্যপান্তের গুরু দায়িত্বে ছিলেন। সনি স্টুডিওর ই-মেইল কেলেঙ্কারির পর তাকে চলে যেতে বাধ্য করা হয়েছিল। সে সময় বারাক ওবামাকে নিয়ে জাতিগত বিদ্রূপের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
সূত্র ও ছবি: হলিউড রিপোর্টার্স










