আরটিভির প্রচারিত চলতি ধারাবাহিক নাটক বোকা পরিবার। এ পরিবারেরই দুই বোনের চরিত্রে অভিনয় করছেন তাহমিনা সুলতানা মৌ ও নায়মা আলম মাহা। এরই মধ্যে রাজধানীর অদূরে পূবাইলে একটি শুটিং বাড়িতে নাটকটির আরো কয়েকটি পর্ব নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। মৌ ও মাহাসহ আরো বেশ কয়েকজন শিল্পী নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন। এর আগে মৌ ও মাহা শামীম জামানের ‘চাটাম ঘর’ নাটকে অভিনয় করেছিলেন। তবে এবারই প্রথম তারা দুই বোনের চরিত্রে অভিনয় করছেন। নতুন এ ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে মৌ বলেন, ‘সৈয়দ শাকিল ভাই ভীষণ গুণী একজন পরিচালক। তার নির্দেশনা আমার ভীষণ ভালো লাগে। কারণ তিনি এমনই একজন পরিচালক, যিনি শুটিংয়ের সময় কাজটাকেই ভীষণ গুরুত্ব দেন। কার চরিত্র কেমন, কীভাবে অভিনয় করতে হবে, সংলাপ প্রক্ষেপণ কেমন হবে, তা তিনি বেশ ভালোভাবে বুঝিয়ে দেন বিধায় অভিনয় অনেকটাই সহজ হয়ে যায়। মাহা এর আগেও আমার সঙ্গে অভিনয় করেছে। এ নাটকে সে আমার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছে। আমি তাকে স্নেহ করি। গল্পটা এ সময়ে এসে আরো জমে উঠেছে। এরই মধ্যে নাকটিও প্রচারের পর বেশ সাড়া ফেলেছে দর্শকের মধ্যে। আশা করছি, আগামী পর্বগুলোও দর্শকের মধ্যে আরো বেশি ভালো লাগার সৃষ্টি করবে।’
মাহা বলেন, ‘শাকিল ভাই ভীষণ জ্ঞানী একজন মানুষ। তার কাছে অনেক কিছু সম্পর্কে বিষদ জানা যায়। শুটিংয়ের ফাঁকে ফাঁকে নানা বিষয় সম্পর্কে তার কাছ থেকে জেনে বিস্মিত হই, একজন মানুষ এত কিছু সম্পর্কে এত বিষদ জানে কী করে। নির্মাতা হিসেবেও শাকিল ভাই অসাধারণ । যে কারণে তার নির্দেশনায় বোকা পরিবারে অভিনয় করাটা আমি দারুণ উপভোগ করছি। মৌ আপুও একজন ভালো অভিনেত্রী। তার সঙ্গে এর আগেও কাজ হয়েছে। তবে এবার কাজ করতে গিয়ে আমাদের সম্পর্কটা যেন আরো মধুর হয়ে উঠেছে। আমরা দুজনই বেশ ভালো লাগা নিয়ে পরিচালকের নির্দেশে আমাদের চরিত্র ঠিকঠাক মতো ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’ বোকা পরিবার নাটকে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন ডা. এজাজুল ইসলাম আব্দুল্লাহ রানা, নাদিয়া আহমেদ, মীর সাব্বির, আরফান আহমেদ, তন্ময় সোহেল প্রমুখ।










