দীর্ঘ সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন নাজিয়া হক অর্ষা। সিনেমা, নাটক ও ওটিটি—তিন মাধ্যমেই তিনি কাজ করেছেন, তবে নাটকেই তার ব্যস্ততা সবচেয়ে বেশি। দর্শকের ভালোবাসা অর্জন করে দীর্ঘ সময় ধরে টিকে থাকা সহজ নয়। অর্ষা বলেন, ‘দেখতে দেখতে শোবিজে প্রায় ১৪ বছর পার করলাম। দীর্ঘ সময় টিকে থাকা অনেক কঠিন ছিল। এখনো আমি অভিনয়ে আছি এবং সবার ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি, এটাই আমার অর্জন।’
বর্তমানে তিনি দুটি ধারাবাহিক নাটকের শুটিং করছেন। একটি পরিচালনা করছেন সাজ্জাদ সুমন, অন্যটি বিপ্লব হায়দার। পাশাপাশি কিছু একক নাটকেও ব্যস্ত। তবে অর্ষা মনে করেন কাজের সংখ্যা কমলেও মানসম্পন্ন কাজের দিকে বেশি গুরুত্ব দেয়া উচিত। তার কথায়, ক্যারিয়ারের শুরু থেকেই মানসম্পন্ন কাজের প্রতি জোর দিয়ে আসছি। অনেক কাজ করা আমার কাছে কখনই গুরুত্বপূর্ণ ছিল না।
গল্প বাছাইয়ের ক্ষেত্রে অর্ষা চান মানুষের মনে দাগ কাটবে এমন চরিত্রে অভিনয় করতে। তিনি জানান, ভালো চরিত্র ও গল্প লাগবে, তাহলেই কাজ করব।"এ বছর ব্যক্তিগত জীবনে বেশ খারাপ সময় পার করেছেন তিনি। মায়ের মৃত্যুর কারণে শোবিজ থেকে নিজেকে সাময়িকভাবে দূরে রেখেছিলেন তিনি। তবে দেড় মাসের বিরতির পর তিনি আবার কাজে ফিরেছেন।
নতুন বছর নিয়ে অর্ষার প্রত্যাশা দর্শকের জন্য ভালো কিছু কাজ উপহার দিতে চাইছেন। তিনি মনে করেন, প্লাটফর্ম বা মাধ্যমের কোনো বাঁধাধরা নেই। "প্রথম কথা হচ্ছে আমি অভিনয় করি, আর ভালো গল্পে কাজ করতে চাই। এটি কোন মাধ্যমে প্রচার হচ্ছে তা গুরুত্বপূর্ণ নয়।
ক্যারিয়ারে নাটক, সিনেমা ও ওটিটির কাজের মধ্য দিয়ে নিজের স্থান ধরে রাখা, দর্শকের ভালোবাসা অর্জন ও মানসম্পন্ন কাজকে অগ্রাধিকার দেয়াই তার সবচেয়ে বড় অর্জন।










