জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। গানের পাশাপাশি অভিনয় করছেন তিনি। এবার ভালোবাসা দিবসে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমির তিনটি নাটকে দেখা যাবে তাকে। নাটকগুলোয় তার জুটি হচ্ছেন তৌসিফ মাহবুব ও জোভান।
অভিনয় ও গানের বাইরে এবার পড়শীকে পাওয়া যাবে নতুন পরিচয়ে। রোজার ঈদের জন্য তিনি নাটক প্রযোজনা করতে যাচ্ছেন। চলছে গল্প লেখার কাজ। পরিচালনা করবেন মহিদুল মহিম।
পড়শী বলেন, ‘এ বছর থেকে নিয়মিত নাটক প্রযোজনা করতে চাই। আমার ইউটিউব চ্যানেলেই নাটকগুলো প্রকাশ করব। আশা করছি, ভক্তদের জন্য দারুণ সব নাটক উপহার দিতে পারব।’
পড়শীর ভাই সাক্ষর থাকবেন নাটকগুলোর তত্ত্বাবধানে। তিনি বলেন, ‘অনেক সময় চিত্রনাট্য পছন্দ হয় না, অনেক সময় সহশিল্পীও পছন্দ হয় না। তার পরও পরিচালকদের অনুরোধে নাটকগুলো করতে হয়। পড়শী যখন নিজে নাটকগুলো প্রযোজনা করবে তখন গল্প থেকে শুরু করে পরিচালক, সহশিল্পী সবই নিজের পছন্দ অনুযায়ী নিতে পারবে। আমরা পারিবারিকভাবে বেশ আগেই এ সিদ্ধান্ত নিয়েছি। তবে অফিশিয়ালি কাউকে এখনো জানানো হয়নি।’
আগামী দিনে নাটকের জন্য পড়শী আলাদা একটা ইউটিউব চ্যানেল করার কথাও ভাবছেন। এ নিয়ে তিনি বলেন, ‘দেখা যাক প্রথম দিকে দর্শকের কাছে কেমন সাড়া পাই। তার পরই বাকি সিদ্ধান্ত।’










