বে অব বেঙ্গলের ‘‌নীরব দুর্ভিক্ষ’ অ্যালবামের গানগুলোর পর আট বছর পেরিয়ে গেলেও আসেনি রক ঘরানার এ ব্র্যান্ডের নতুন কোনো অ্যালবাম। তাই শ্রোতাদের প্রতীক্ষার অবসান ঘটাতে নতুন উদ্যমে আয়োজন শুরু করেছেন বে অব বেঙ্গলের সদস্যরা। ব্যান্ডের বেজ গিটারিস্ট এহতেশাম আবিদ জানান, একক গানের জোয়ারে অনেক অ্যালবাম প্রকাশনা থেকে সরে গেছেন। কিন্তু বে অব বেঙ্গলের এমন কোনো ইচ্ছা বা পরিকল্পনা আদৌ ছিল না, এখনো নেই। তাই দীর্ঘদিনের বিরতি ভেঙে তারা ব্যস্ত হয়ে উঠেছেন দ্বিতীয় অ্যালবামের রেকর্ডিং নিয়ে। এরই মধ্যে বেশকিছু গানের কথা-সুর-সংগীতায়োজন শেষ হয়েছে। রেকর্ডিও করা হয়েছে কিছু গানের, যার মধ্য থেকে দুটি গান শিগগিরই প্রকাশ করা হবে। পুরো অ্যালবামটি প্রকাশ পাবে আগামী বছরের প্রথম ভাগে। মোট নয়টি গান দিয়ে সাজানো এ অ্যালবামের নামকরণ হয়েছে ‘‌দ্বিতীয়’।

বে অব বেঙ্গলের প্রথম অ্যালবাম ‘‌নীরব দুর্ভিক্ষ’ প্রকাশ পেয়েছিল ২০১৬ সালে। পরবর্তী অ্যালবামের জন্য এতটা সময় নেয়া প্রসঙ্গে আবিদ বলেন, ‘‌বে অব বেঙ্গল সংগীতে নিজস্বতা রাখার চেষ্টা করেছে সবসময়। তাই জনপ্রিয়তার স্রোতে গা না ভাসিয়ে অভিনয় আয়োজনই ছিল ব্র্যান্ডের প্রত্যেক সদস্যের লক্ষ্য। তাই শীর্ষে যাওয়ার সবরকম প্রতিযোগিতা এড়িয়ে নিজেদের মতো গান করে যেতে চেয়েছি আমরা। সংগীতে নিজস্ব ভাবনা, দর্শন ও সময়ের চিহ্ন তুলে ধরার প্রয়াসে প্রতিটি গানের পেছনেই ব্যয় করতে হয়েছে বেশকিছুটা সময়। ‘‌দ্বিতীয়’ অ্যালবামের গানগুলো শোনার পরই শ্রোতাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, এ আয়োজনে কেন এতটা সময় নেয়া হয়েছে। ’

গানগুলো অনেকের মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন আবিদসহ বে অব বেঙ্গলের বাকি চার সদস্য কণ্ঠশিল্পী ও গিটারিস্ট বখতিয়ার হোসেন, কি-বোর্ডিস্ট জামিলুর রহমান জিমি, ড্রামার আবিদ পাশা ও লিড গিটারিস্ট রকিবুল নিপু।