আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে (এএমএ) চলতি বছর ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ ও ‘আর্টিস্ট অব দ্য ডিকেড’ উভয় পুরস্কার জিতেছেন জনপ্রিয় সংগীত তারকা টেইলর সুইফট। পপ সুপারস্টার সুইফট চলতি বছর ছয়টি পুরস্কার জিতেছেন এবং তার মোট এএমএ পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে ২৯টিতে। আয়োজকরা জানিয়েছেন, এ পুরস্কারের মধ্য দিয়ে টেইলর সুইফট পপসম্রাট মাইকেল জ্যাকসনের ২৪টি পুরস্কারের রেকর্ড ছাড়িয়ে গেলেন।
রোববার রাতে পুরস্কার ঘোষণা অনুষ্ঠানের শুরুতেই দশকের সেরা শিল্পীর নাম ঘোষণা করা হয়েছিল। অনুষ্ঠানজুড়ে চমক ছিল বছরের সেরা শিল্পী কে হতে যাচ্ছেন। অবশেষে তুমুল জনপ্রিয় শিল্পী ড্রেক, আরিয়ানা গ্র্যান্ড, হালসি ও পোস্ট ম্যালোনকে পেছনে ফেলে টেইলর সুইফট এটিকে নিজের করে নিলেন।
পুরস্কার গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে জড়ো হওয়া মানুষের উদ্দেশে আবেগময় সুইফট বলেন, পূর্ববর্তী ১২টি মাস আমাকে সবচেয়ে আশ্চর্যজনক কিছু সময় উপহার দিয়েছিল, পাশাপাশি সেই সময়ে আমি আমার জীবনের কঠিনতম বিষয়গুলো পার করেছি। পুরস্কার গ্রহণের বক্তৃতায় সুইফট বলছিলেন, এ সম্মান ১০ বছর ধরে করা কঠোর পরিশ্রম, শিল্প, আনন্দ ও স্মৃতির উদযাপন। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি হলো, আমি আপনাদের সঙ্গে ছিলাম, আমি আমার ভক্তদের সঙ্গে ছিলাম।
এর আগে সুইফট তার সর্বশেষ অ্যালবাম ‘লাভার’-এর জন্য প্রিয় পপ বা রক অ্যালবাম পুরস্কার জিতেছেন। এ জয় মাইকেল জ্যাকসনকে সিংহাসনচ্যুত করে তাকে এখন পর্যন্ত সবচেয়ে সফল এএমএ শিল্পী করে তুলেছে।
এছাড়া এএমএ অ্যাওয়ার্ডে সেরা নতুন শিল্পী হিসেবে পুরস্কার জিতেছেন কিশোরী বিলি ইলিশ। পুরস্কার গ্রহণকালে ১৭ বছর বয়সী বিকল্প রক শিল্পী তার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। পরিবেশ রক্ষায় সচেতনতার জন্য ‘নো মিউজিক অন এ ডেড প্লানেট’ স্লোগান সংবলিত টি-শার্ট পরে তিনি এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। এএমএ অ্যাওয়ার্ডের চলতি বছরের সর্বাধিক সাতটি ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া র্যাপার পোস্ট ম্যালোন তার ‘হলিউড ব্লিডিং’ অ্যালবামের জন্য সেরা র্যাপ বা হিপ-হপ পুরস্কার জিতেছেন। পপ তারকা হালসি তার ‘হিট উইদাউট মি’ অ্যালবামের জন্য সেরা পপ বা রক পুরস্কার পেয়েছেন। সেরা কান্ট্রি আর্টিস্ট অ্যান্ড কান্ট্রি অ্যালবাম পুরস্কার জিতেছেন ক্যারি আন্ডারউড।
২০১৭ সালে কিডনি প্রতিস্থাপনের পর হতাশার বিরুদ্ধে লড়াই করে সংগীতশিল্পী সেলেনা গোমেজ এ অনুষ্ঠানের মাধ্যমে তার প্রথম লাইভ টিভি পারফরম্যান্স শুরু করেছেন। পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে ২৫ বছর বয়সে এএমএ পুরস্কার জেতা সংগীত তারকা টনি ব্র্যাক্সটন, কান্ট্রি সংগীত তারকা থমাস রেট, খ্যাতিমান দম্পতি ক্যামিলা ক্যাবেলো ও শন মেন্ডেস, দীর্ঘদিন পর স্টেজে ফিরে আসা ওজি অসবোর্ন, ম্যালন, ট্রেভিস স্কট এবং কানাডিয়ান সংগীতশিল্পী শানিয়া টোয়াইন তাদের পারফরম্যান্স দিয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
সূত্র: দ্য গার্ডিয়ান










