বর্তমান সময়ে বাংলাদেশে সিনেমার গানে এক অত্যাবশ্যকীয় নাম দিলশাদ নাহার কনা। সিনেমায় তার বহু হিট গান রয়েছে। সম্প্রতি তার গাওয়া তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটিও ব্যাপক আলোচিত হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় তিনি স্টেজ শোয়ে তার জনপ্রিয় গানগুলো পারফর্ম করেন। এবার নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমায় তিনি প্লে-ব্যাক করেছেন। এ সিনেমায় কনার বিপরীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী রাজীব। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর সংগীত করেছেন প্রমিত। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, কনা ও রাজীব দুজন সিনেমার টাইটেল সং স্বপ্নে দেখা রাজকন্যা গেয়েছেন। মানিক আরো জানান, সিনেমাটির সেন্সর ছাড়পত্র নেয়া আছে। হয়তো চলতি বছরই মুক্তি পাবে। এ সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও সালওয়া। প্রথমবার একসঙ্গে প্লে-ব্যাক গান গাওয়া প্রসঙ্গে রাজীব বলেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্ক ২০ বছরের। কনার সঙ্গে এ সম্পর্ক আত্মার। ভাবতেই অবাক লাগে যে আমাদের একসঙ্গে কোনো গান করা হয়নি। না আধুনিক, না সিনেমার গান। স্বপ্নে দেখা রাজকন্যা গানটির কথা ও সুর খুব সুন্দর। আশা করি ভালো লাগবে সবারই। ধন্যবাদ এ গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে।’ কনা বলেন, ‘সিনেমার গানের জন্য রাজীবের কণ্ঠ পারফেক্ট, এটা শুরু থেকে আমরা সবাই অনুভব করতাম। রাজীব বেশকিছু সিনেমায় গান করেছে। প্লে-ব্যাক অর্থাৎ সিনেমায় তার কণ্ঠটা আরো যথাযথভাবে কাজে লাগানো যেতে পারে। এ গানেই আমাদের প্রথম একসঙ্গে গাওয়া। একটি সুন্দর গান হয়েছে। গানটি নিয়ে আমি আশাবাদী।’
নতুন সিনেমার গানে রাজীব-কনা
বর্তমান সময়ে বাংলাদেশে সিনেমার গানে এক অত্যাবশ্যকীয় নাম দিলশাদ নাহার কনা। সিনেমায় তার বহু হিট গান রয়েছে।










