১৩ মে শুরু হবে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। ১২ দিনের এ উৎসব রাঙিয়ে তোলা হবে নানা আয়োজনে। প্রতি বছরের মতো এবারো এ উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে থাকছে নানা আয়োজন। এ বছর কানের বাণিজ্যিক এ শাখায় দেখানো হবে দেশের অন্যতম গুণী লেখক, চলচ্চিত্র সমালোচক ও নির্মাতা এবাদুর রহমানের সিনেমা বাঙালি বিলাস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবাদুর জানিয়েছেন, ১৩-২৫ মে পর্যন্ত তিনি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বাঙালি বিলাস নিয়ে উপস্থিত থাকবেন। ১৮ মে এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের ছবিটা মার্শে দ্যু ফিল্ম বিভাগে দেখানোর কথাও জানান তিনি।
এবাদুর রহমান পরিচালিত বাঙালি বিলাস সিনেমাটি আন্তর্জাতিক নাম ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’। সমসাময়িক বাংলাদেশী চলচ্চিত্রের ধারার বাইরে গিয়ে এটি নির্মাণ করেছেন এবাদুর।
বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ১৯০ মিনিট দৈর্ঘ্যের বাঙালি বিলাস সিনেমাটি যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা ও রাজনীতিকে একত্র করে গড়ে তুলেছে এক জটিল কিন্তু গভীর সংবেদনশীল সিনেমাটিক অভিজ্ঞতা। নির্মাতা বলছেন, ‘এখানে রয়েছে “ফিল্ম-উইদিন-আ-ফিল্ম” কাঠামো। যেখানে দুটি মুসলিম নারী চরিত্র—মিত্রা ও রুশতি—এক পুরুষতান্ত্রিক নির্মাতার হাত থেকে নিজেদের শরীর ও ভাষার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়ার লড়াইয়ে নামে।
বাঙালি বিলাসে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন। যিনি ভারতীয় নির্মাতা কিউয়ের ‘গান্ডু’-তে অভিনয় করে আলোচিত হয়েছিলেন। এছাড়া এবাদুরের এ সিনেমায় অভিনয় করেছেন ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ ও আজাদ আবুল কালামসহ অনেকে।
সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রাওয়ান সায়েমা ও মোহাম্মদ আরিফুজ্জামান। এটি সম্পাদনা করেছেন বার্লিনের অস্কার লোসার ও ঢাকার ইকবাল কবির জুয়েল। সিনেমাটির শব্দ পরিকল্পনা করেছেন ফিনল্যান্ডের মিকা নিনিমা।
বাঙালি বিলাস নিয়ে নির্মাতা এবাদুর রহমান বলেন, ‘বাঙালি বিলাস শুধু একটি সিনেমা নয়—এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। এখানে নারী, শরীর ও বিশ্বাসের প্রশ্নকে নতুনভাবে হাজির করার চেষ্টা করেছি, যেখানে প্রথাগত ‘‘বাঙালি ছবি’’র কাঠামোকে সচেতনভাবেই ভেঙে ফেলা হয়েছে।’










