বলিউড অভিনেতা অক্ষয় কুমার। আগামী বছর ভারতীয় টেলিভিশনে ফিরছেন তিনি। সাড়ে তিন দশকেরও দীর্ঘ ক্যারিয়ারে অক্ষয় বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও নিজের অভিনয়ের ছাপ রেখে গেছেন। তিনি ২০০৪ সালে ‘সেভেন ডেডলি আর্টস উইথ অক্ষয় কুমার’-এর মাধ্যমে টেলিভিশনে সঞ্চালক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং এরপর একাধিক হাই-প্রোফাইল রিয়েলিটি শোর সঙ্গে যুক্ত হন।

অক্ষয় একাধিক সিজনে ‘খতরো কে খিলাড়ি’ সঞ্চালনা করেছেন। ২০০৮, ২০০৯, ২০১১ ও ২০১৯ সালে তাকে সঞ্চালকের ভূমিকায় দেখা যায়। এছাড়া ২০১০ সালে ‘মাস্টারশেফ ইন্ডিয়া’র প্রথম সিজনে বিচারকের ভূমিকায়ও ছিলেন। টেলিভিশনে তার সর্বশেষ উপস্থিতি ছিল ২০২২ সালে, ‘ইন্ডিয়াস আলটিমেট ওয়ারিয়র’-এর সঞ্চালক হিসেবে।

চার বছরের বিরতির পর অক্ষয় আবার ছোট পর্দায় ফিরছেন। সঞ্চালনা করবেন সনি টিভির ‘হুইল অব ফরচুন’ শো। শনিবার রাতে সনি টিভির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে শোর প্রথম প্রোমো প্রকাশ করা হয়। প্রোমোয় বলা হয়েছে, হুইল অব ফরচুন একটি গেম শো। এতে অংশগ্রহণকারীরা শব্দের ধাঁধা সমাধান করে আকর্ষণীয় পুরস্কার জিততে পারবেন।

হুইল অব ফরচুন মূলত একটি পুরনো গেম শো। প্রায় ৩০ বছর পর টিভিতে ফিরে আসছে আয়োজনটি। অনেক আগে থেকেই এর ভক্ত তৈরি হয়ে আছে, তাই ধারণা করা যাচ্ছে প্রচার শুরু হতেই আরো জনপ্রিয় হবে শোটি।

সনি টিভির এক্স অ্যাকাউন্ট থেকে করা পোস্টের কমেন্টে একজন লিখেছেন, ‘তিনি আমাকে “‍হাউজফুল ২”-এর অক্ষয় কুমারের কথা মনে করিয়ে দিলেন।’

আরেকজন ব্যবহারকারী বলেন, ‘এ ধরনের শোয় তার কমেডি দিকটা দারুণ কাজ করবে।’

শোর মাধ্যমে অক্ষয় তার জনপ্রিয়তা ঝালাই করে নিতে পারেন। কেননা বক্স অফিসে তার এ বছরের সিনেমাগুলো ভালো পারফর্ম করেনি।। ‘কেসরি চ্যাপ্টার টু’ মোটামুটি ভালো চললেও ‘কান্নাপ্পা’, ‘হাউজফুল ফাইভ’, ‘স্কাই ফোর্স’ ও ‘জলি এলএলবি থ্রি’ উল্লেখযোগ্য সাফল্য পায়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস