চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’-এর শেষ পর্ব ‘বেসুরা’। ৬ জানুয়ারি বিকালে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ‘বেসুরা’র ট্রেলার।

এ পর্বে আছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু ও সংগীতশিল্পী ইসলাম উদ্দিন পালাকার। বেসুরায় অভিনয়ের মাধ্যমে সুমাইয়া শিমুর ওটিটিতে অভিষেক হলো বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী। অন্যদিকে অভিনয়ে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন সংগীতশিল্পী ইসলাম উদ্দিন পালাকার।

ট্রেলার শুরু হয়েছে সবুজের নৈসর্গ আর বেসুরে গাওয়া ‘সা রে গা মা পা’-র মাধ্যমে। একটি ছোট মেয়ে, যার গলায় সুর নেই। তা জানতে পেরে ছোট মেয়েটিকে সাজা দেয়ার পরিকল্পনা করেন এলাকার বড় সংগীতসাধক। এর পরই শোনা যায়, ডাইনির কথা। ট্রেলারের শেষে ডাইনিকে বাঁধা অবস্থায়ও দেখা গেছে। বেসুরার সঙ্গে ডাইনির সম্পর্ক কী? সেটা জানা যাবে মঙ্গলবার রাত ১২টা থেকে। চরকিতে প্রকাশ পাবে বেসুরা। এ পর্ব প্রকাশের মাধ্যমে শেষ হবে ২ষ সিরিজ।

সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ‘ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। বড় পরিসরে, ভালো মানের কাজ দেখি প্রায়ই। আমি যে ধরনের কাজ করতে চাই, ’ষ’ তেমন একটি কাজ। এর গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রমিজিং পরিচালক, চরকি একটা ভালো প্লাটফর্ম। সবকিছু মিলিয়ে মনে হয়েছে কাজটা ভালো হবে।’

অভিনেত্রী জানান, তার চরিত্রের পোশাক, সাজসজ্জা খুব মিনিংফুল ছিল। যখনই শুটিংয়ের জন্য প্রস্তুত হতেন, তখনই মনে হতো কাজটা অনেকখানি সহজ হয়ে গেছে। সব মিলিয়ে ওটিটির কাজের পেশাদারত্ব পছন্দ হয়েছে সুমাইয়া শিমুর। তিনি বলেন, এখানে যেভাবে কাজ হয়, সেটা খুব প্রফেশনাল। প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা, তাই আমি আমার কাজে ফোকাস করতে পেরেছি। পুরো অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর ছিল। আমি উপভোগ করেছি।’

২ষ সিরিজের আবহ সংগীত করেছেন অভিষেক ভট্টাচার্য্য ও বেসুরা পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। প্রীতমের কারণেই নাকি অভিনয়ে রাজি হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার। প্রথমবার অভিনয় নিয়ে ইসলাম উদ্দিন পালাকার বলেন, ’আমাকে ফোন করে বলা হলো অভিনয় করতে হবে। একটু চিন্তায় পড়লাম। ক্যামেরার সামনে বহুবার দাঁড়িয়েছি, কিন্তু অভিনয় তো করিনি। পরে যখন বলল, প্রীতম (প্রীতম হাসান) ভাই আছেন, তখন এক রকম ভরসা পেলাম এবং আশ্বাসও দিলাম। পরে কয়েকবার কথা বলে রাজি হয়েছি।’

ইসলাম উদ্দিন পালাকার আরো বলেন, ‘প্রথমবার অভিনয় করতে ভালোই লেগেছে। কখনো ভাবিওনাই, আমি অভিনয় করব। কাজটা করতে টেনশন হয় নাই। আমি তো অনেক মানুষের সঙ্গেই কাজ করি। অভিনয়েও তাই, অনেক মানুষের সঙ্গে কাজ করতে হয়। তাছাড়া গান আর সংলাপ তো আমার মতোই। তাই কোনো অসুবিধা হয় নাই।’