ছোট পর্দায় এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন কেয়া পায়েল। অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। গত ঈদে প্রচার হয়েছে তার একগুচ্ছ নাটক। তার মধ্যে রয়েছে ‘সম্মান’, ‘সিন্দুক’, ‘চিড়িয়াঘর’, ‘ঝাল মুড়ি’, ‘লাভ লুপ’, ‘চাঁদের হাট ২’, ‘বন্ধুত্ব নাকি প্রেম’ ইত্যাদি। ইউটিউব ট্রেন্ডিং দৌড়ে রয়েছে কেয়া অভিনীত প্রায় ১০টি নাটক। সামনে আরো কিছু চমক নিয়ে আসছেন এ অভিনেত্রী। নিজের অভিনীত নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘রেসপন্স বেশ ভালো। সম্মান নাটকটির জন্য অনেক সাড়া পাচ্ছি। এছাড়া বন্ধুত্ব, চাঁদের হাট ২ নাটকগুলোও দর্শক পছন্দ করেছে। ব্যক্তিগত পছন্দ আলাদা করে বলতে চাই না। আরো তিনটি নাটক আসার কথা ছিল ঈদে। শুটিং শেষ না হওয়ায় আসেনি। ওগুলোও বেশ ভালো গল্পের কাজ। আশা করছি দর্শক শিগগিরই দেখতে পাবে নাটকগুলো।

সম্প্রতি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে কেয়ার নতুন নাটক ‘তোমার আমার’। নাটকটি পরিচালনা করেছেন ওসমান মিরাজ। এতে কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। নাটকটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। ক্যারিয়ারে পায়েল বেশ ঝলমলে সময় পার করছেন এখন। নাটকে পায়েলের ব্যস্ততা তুঙ্গে। ফলে অন্য কাজে সেভাবে পাওয়া যায় না তাকে। তবু ব্যস্ততার ফাঁকে কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। ইমরান মাহমুদুলের ‘কেন এত চাই চাই তোকে’, ‘এত ভালোবাসি’, ‘পরাণ বন্ধুরে’ গানগুলোয় দেখা গেছে তাকে। ফের ইমরানের সঙ্গেই নতুন মিউজিক ভিডিও করবেন পায়েল। এরই মধ্যে ইমরান বিষয়টি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।