বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় জুটি অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। একসঙ্গে বেশকিছু নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করতে দেখা গেছে দুজনকে। শোবিজ অঙ্গনে দুই তারকা একসঙ্গে দীর্ঘদিন কাজ করায় তাদের ব্যক্তিগত বোঝাপড়া খুব ভালো। যে কারণে এ জুটিকে দর্শকও পছন্দ করছেন।
এবার ভালোবাসা দিবসের জন্য জুটি বাঁধলেন সময়ের জনপ্রিয় এ জুটি। নাটকের নাম ‘তোমায় পাবো কি?’। নাটকটিতে দেখা যাবে তাদের রসায়ন। এর পুরো শুটিং হয়েছে চট্টগ্রামে। ‘তোমায় পাবো কি?’ নাটকে রুদ্র চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। ছেলেটি গায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে কষ্ট করছে। তার আশা, একটা জুতসই সুযোগ পেলেই ভাগ্যবদল হবে। সে অপেক্ষায় আছে সে। অন্যদিকে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন তটিনী। মেয়েটি একটি ছিমছাম পরিবারে বেড়ে উঠেছে। রুদ্রর সঙ্গে তার কয়েক বছরের সম্পর্ক। এতদিনের সম্পর্কে সে একবারের জন্যও রুদ্রকে হতাশ হতে দেয়নি। রুদ্র যখনই ভেঙে পড়েছে, প্রতিবার স্তম্ভ হয়ে পাশে দাঁড়িয়েছে চিত্রা।
এদিকে চিত্রা সিদ্ধান্ত নেয়, পোস্ট গ্র্যাজুয়েশন করতে অস্ট্রেলিয়া যাবে। এভাবে এগিয়ে চলে নাটকের গল্প।
এ নাটকের রচনা ও পরিচালনায় ছিলেন সাজ্জাদ হোসেন বাপ্পি। তিনি বলেন, ‘আমার এখন পর্যন্ত সবচেয়ে আদর ও যত্নে বানানো নাটক এটি। মায়া আর আবেগ দিয়ে নির্মাণের চেষ্টা করেছি। এটি আমার কাছে নতুন একটা এক্সপেরিমেন্ট। লেখা থেকে শুরু করে এখন পোস্টের কাজ পর্যন্ত রুদ্র ও চিত্রাকে আমার মনের ভেতর ধারণ করে রেখেছি। দর্শক আমাদের কাজ পছন্দ করলেই সব কষ্ট সার্থক হবে।’










