ইরানের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা সাহলা রিয়াহি ৯৩ বছর বয়সে তেহরানে মারা গেছেন। ১৯৫৭ সালে মারজান নামের একটি ছবি নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে যাত্রা করেন সাহলা রিয়াহি। নির্মাতা পরিচয়ের বাইরে অভিনেত্রী হিসেবেও তার বিশেষ খ্যাতি রয়েছে। তিনি আলঝেইমার্স রোগে আক্রান্ত ছিলেন। তার পুত্র মানুচেহের রিয়াহির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পার্সিয়ান নিউজ এজেন্সি গত বৃহস্পতিবার সাহলা রিয়াহির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
মঞ্চ নির্দেশক ও চিত্রনাট্যকার স্বামী এসমাইল রিয়াহির পরামর্শে ১৭ বছর বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন রিয়াহি। নির্মাতা মোয়েজ্জিদ্দিভান ফেকরির হারুন আল-রশীদ’স পলিসি ছবিতে রিয়াহির দুর্দান্ত অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। তরুণ ও প্রতিভাবান অভিনেত্রী পরিচয়ে এরপর থেকে নিয়মিত অভিনয় চালিয়ে যান তিনি। ১৯৫২ সালে ফেকরির গোল্ডেন ড্রিমস চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ইরানের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বিশেষ পরিচিতি লাভ করেন।
উল্লেখযোগ্যসংখ্যক চলচ্চিত্র ও নাটকে অভিনয়ের একপর্যায়ে রিয়াহি নিজেকে চলচ্চিত্র নির্মাতা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। শুরুতেই নির্মাণ করেন মারজান নামের একটি ছবি। একটি গ্রামে একদল জিপসির বসবাস নিয়ে ছবিটির গল্প গড়ে ওঠে। অভাব, অনটনে জর্জরিত হয়ে তাদের মধ্য থেকে একজন জিপসি গ্রাম থেকে একটি ছাগল চুরি করে। গ্রামের একজন তরুণ স্কুলশিক্ষক শ্রেণীকক্ষের ভেতর থেকে ঘটনাটি দেখতে পান এবং তাকে ধরে ফেলেন। চুরির দায়ে অভিযুক্ত সেই ব্যক্তির মেয়ের নাম মারজান। যে কিনা এ ঘটনার পর তার বাবাকে দেখতে যায় এবং ঘটনাক্রমে সেই স্কুলশিক্ষকের প্রেমে পড়ে। ছবিটি সেই সময় ব্যাপক আলোড়ন তুলেছিল। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য মারজান নির্মাণের পর রিয়াহি আর কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি। এ নিয়ে তিনি এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘অভিনয়
আমার কাছে বেশি সহজবোধ্য। তাই আমি এ জগতেই মনোযোগ দিয়েছিলাম।’
৭০টির বেশি চলচ্চিত্রে রিয়াহি অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে আলি হাতামির ডেলশোডেগান ও দারিয়ুস ফারহাংয়ের টু মুভিজ উইথ ওয়ান টিকিট ছবি। চলচ্চিত্র ছাড়া তিনি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সিরিজটির নাম অ্যাট হোমস। ১৯৮৬ সালে এটি যৌথভাবে নির্মাণ করেছিলেন বিজান বিরাং ও মাসুদ রাসাম। শিশুদের নিয়ে নির্মিত টিভি সিরিজে অভিনয় করেও তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। ২০১৭ সালে রিয়াহি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন সামান মোকাদ্দামের কমেডি স্পার্ম হোয়েল: রয়া’স সিলেকশন-এ। সাহলা রিয়াহি ১৯২৭ সালের ৭ ফেব্রুয়ারি তেহরানে জন্মগ্রহণ করেন।
সূত্র: তেহরান টাইমস










