রুশো ব্রাদার্স পরিচালিত মার্ভেল ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ও সর্বশেষ ছবি অ্যাভেঞ্জার্স: এন্ডগেম। ছবিটি মুক্তির প্রায় ছয় মাসেরও বেশি সময় পার হয়েছে। কিন্তু বক্স অফিসে সর্বাধিক আয়ের কারণে ছবিটি এখনো শিরোনামে রয়েছে। অ্যাভেঞ্জার্স: এন্ডগেম চীনের বক্স অফিসে দুর্দান্ত গতিতে এগিয়েছে। সম্প্রতি ছবিটি চীনে রেকর্ড পরিমাণ অর্থ উপার্জন করেছে। কমিকবুক.কম-এর একটি প্রতিবেদনে দেখা গেছে, আগের আয়ের তুলনায় অ্যাভেঞ্জার্স: এন্ডগেম চীনে আরো কয়েক মিলিয়ন ডলার আয় করেছে। এর মধ্য দিয়ে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এখন পর্যন্ত প্রথম ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহকারী ছবিতে পরিণত হয়েছে।

এ প্রতিবেদনে বলা হয়, চীন বক্স অফিসের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মার্ভেল ছবি অ্যাভেঞ্জার্স: এন্ডগেম আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে। চীনে এ ছবির মোট আয়ের পরিমাণ এখন ৩ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যা বিশ্বব্যাপী ছবিটির আয়ের ওপর প্রভাব ফেলেছে। ডিজনি যদি বিশ্বব্যাপী ছবিটির আয়ের বিষয়টি আপডেট করার আগ্রহ প্রকাশ করে, তাহলে আনুষ্ঠানিকভাবে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম হয়ে উঠবে ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহকারী ছবি। 

কয়েক সপ্তাহ ধরে বক্স অফিসে দৌড়ানোর পর রুশো ব্রাদার্সের এন্ডগেম অ্যাভাটারকে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ অর্থোপার্জনকারী ছবিতে পরিণত হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সর্বোচ্চ আয় করে শীর্ষ অর্থোপার্জনকারী হলিউড ছবিগুলোর একটি হয়ে ওঠে। এদিকে টাইটানিকখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের অ্যাভাটার-এর সিক্যুয়াল নির্মাণকাজ চলছে। অ্যাভাটার টু কীভাবে অ্যাভেঞ্জার্স এন্ড গেম-এর সঙ্গে প্রতিযোগিতা করে এবং পরিচালক জেমস ক্যামেরন অ্যাভাটার টু দিয়ে অ্যাভাটারের আগের রেকর্ড ফিরিয়ে আনতে পারে কিনা, সেটাই এখন দেখার পালা।

 

সূত্র: পিংকভিলা