ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য্যায়। যার জনপ্রিয়তা রয়েছে এপারেও, এবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী সিনেমা ‘ওয়েটিং রুম’-এ নতুন রূপে হাজির হচ্ছেন এ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি প্রকাশিত একটি ছবি এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ছবিতে দেখা যাচ্ছে জানালার ধারে হাতে ছোরা নিয়ে বসে রয়েছেন শুভশ্রী আর ক্যাপশনে লেখা, ‘হাসতে হাসতে খুন করে দেব’। এ পোস্ট থেকেই বোঝা যাচ্ছে নতুন সিনেমায় দর্শকের জন্য অপেক্ষা করছে এক চমকপ্রদ চরিত্র।

সিনেমায় শুভশ্রীর চরিত্রের নাম দীপা। ফার্স্ট লুকে তাকে দেখা যাচ্ছে এক রহস্যময় ও অদ্ভুত রূপে। চোখে প্রতিশোধের আগুন, হাতে রক্তমাখা ছোরা, মুখে রক্ত আর চোখে জল। এ দৃশ্য দেখেই দর্শক রীতিমতো বিস্মিত। চরিত্রের এ লুকে ফুটে উঠেছে দীপার সংগ্রাম, প্রতিশোধের আবেগ ও জীবনের কঠিন বাস্তবতা।

যদিও ছবির প্রথম প্রতিক্রিয়া থেকে অনেকেই এটি থ্রিলার মনে করছেন, শোনা যাচ্ছে এটি মূলত সোশ্যাল ড্রামা, যেখানে নারীশক্তি, সমাজ ও ব্যক্তিগত সংগ্রামের গল্প উঠে আসবে। কালী পুজোর আবহে পোস্টার প্রকাশের মাধ্যমে পরিচালক নারীশক্তিকে উদযাপন করতে চেয়েছেন। দীপার চরিত্রের মাধ্যমে নারী স্বাধীনতা, সংগ্রাম ও সাহসিকতার বার্তা ফুটিয়ে তোলা হয়েছে।

শুভশ্রীর সঙ্গে সিনেমাটিতে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রেশমি সেন প্রমুখ। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত। শোনা যাচ্ছে, আজ শুটিং শুরু হচ্ছে সিনেমাটির। দীপাবলির মৌসুমে দর্শকের কাছে উপস্থাপন করা হবে এটি।

ফার্স্ট লুকটি দর্শকের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। আশা করা হচ্ছে, শুভশ্রী এ নতুন রূপে দর্শককে মুগ্ধ করবেন।