জোসেফ কোসিনস্কি নতুন করে নির্মাণ করছেন ‘মায়ামি ভাইস’। ইউনিভার্সাল পিকচারসের ব্যানারে নির্মাণ হচ্ছে সিনেমাটি। এতে অভিনয় করবেন কারা, তা নিয়ে আলোচনা উঠেছে। তাতে নাম আসছে অস্টিন বাটলার ও মাইকেল জর্ডানের। তারা সিনেমার চুক্তির জন্য প্রাথমিক পছন্দের তালিকায় আছেন। এমনটাই জানাচ্ছে হলিউড-ভিত্তিক গণমাধ্যমগুলো। পরিকল্পনায় থাকা এ দুই অভিনেতার সঙ্গে চুক্তি সম্পন্ন হলে তাদের একসঙ্গে দেখা যাবে।
এ সিনেমার জন্য অস্টিন বাটলারকে জেমস ‘সনি’ ক্রোকেট ও বিপরীতে মাইকেল বি. জর্ডানকে রিকার্ডো ‘রিকো’ টাবস চরিত্রে অভিনয় করার কথা। দক্ষিণ ফ্লোরিডার দুই আকর্ষণীয় গোয়েন্দাদের নিয়ে এ গল্প। আশির দশকের টিভি সিরিজে এ গল্পে যথাক্রমে ডন জনসন ও ফিলিপ মাইকেল থমাস অভিনয় করেছিলেন। এরপর ২০০৬ সালে প্রথম বড় পর্দার ‘মায়ামি ভাইস’ এসেছিল। সেখানে এ দুই চরিত্রে অভিনয় করেছিলেন কলিন ফ্যারেল ও জেমি ফক্স। সিনেমাটি পরিচালনা করেছিলেন মাইকেল মান।
অস্টিন ও জর্ডান উভয়ই এখন হলিউডের শীর্ষস্থানীয় নায়ক। এলভিস প্রিসলির চরিত্রে অভিনয় করে বাটলার নিজেকে কয়েক ধাপ এগিয়ে নিয়েছিলেন। সিনেমাটি পরিচালনা করেন বাজ লুরম্যান। এ চরিত্রে অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোব ও বাফটা জিতেছেন এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছেন। এছাড়া ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ও ‘ডুন’-এ অভিনয় করেও আলোচনায় থেকেছেন।
কোসিনস্কি সাফল্য পেয়েছেন ‘টপ গান: ম্যাভেরিক’ দিয়ে। সিনেমাটি বিলিয়ন ডলার আয় করেছিল বক্স অফিসে। অতি সম্প্রতি ব্র্যাড পিটের সঙ্গে ‘এফ ওয়ান’ সিনেমা দিয়ে আবারো একটি সাফল্য পেয়েছেন বক্স অফিসে।
মায়ামি ভাইস নিয়ে জানা গেছে, এ প্রকল্পের শুটিং আগামী বছর শুরু হবে। সিনেমাটি আইম্যাক্স ফরম্যাটে চিত্রায়ণ হবে। মায়ামি ভাইস মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ আগস্ট ২০২৭। ডিলান ক্লার্ক ও কোসিনস্কির প্রযোজনায় এ সিনেমার চিত্রনাট্য লিখছেন এরিক ওয়ারেন সিঙ্গার ও ড্যান গিলরয়।
সূত্র: ভ্যারাইটি










