রমেশ সিপ্পির ‘শোলে’ সিনেমায় গাব্বার সিংয়ের আইকনিক চরিত্রে অভিনয় করেছেন আমজাদ খান। ছবিতে ধর্মেন্দ্র ও অমিতাভ বচ্চন যথাক্রমে বীরু ও জয় চরিত্রে অভিনয় করেছিলেন।

মুক্তির প্রায় ৪৫ বছর পরও ‘শোলে’ এখনো মানুষের মনে সতেজ। সিনেমাটির কাহিনী এবং প্রতিটি চরিত্র এ সতেজতাকে ধরে রেখেছে। জয়-বীরুর বন্ধুত্ব থেকে শুরু করে বাসন্তী-ধন্নোর বন্ধন পর্যন্ত চলচ্চিত্রটির অভিনেতাদের জন্য স্মরণ করা হয়।

তবে সিনেমাটির সাফল্যের পেছনে আরো একজনের অনেক বড় অবদান রয়েছে। তিনি হলেন আমজাদ খান। তিনি সিনেমাটিতে গাব্বার সিং নামের এক দুর্ধর্ষ ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন।

জাভেদ আখতার ও সেলিম খান সিনেমাটির কাহিনী লিখেছিলেন এবং তারা পরিচালককে চরিত্রগুলোর জন্য অভিনেতা খুঁজে পেতে সহায়তাও করেছিলেন। গাব্বার সিংয়ের চরিত্র বর্ণনা করতে গিয়ে জাভেদ আখতার বলেন, ‘আমি যে কয়েকটি চরিত্র লিখে মজা পেয়েছিলাম, সেগুলোর মধ্যে গাব্বার একটি।’

যদিও গাব্বার চরিত্রটি লেখার সময় মজার কাজ ছিল, কিন্তু এমন একজন অভিনেতাকে খুঁজে পাওয়া যে সেই চরিত্রটি ফুটিয়ে তুলবে, সেটি এত সহজ ছিল না। ড্যানি ডেনজংপা মূলত গাব্বারের চরিত্রে অভিনয় করতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, তবে ফিরোজ খানের ধর্মাত্মা সিনেমার জন্য পূর্ব প্রতিশ্রুতির কারণে তাকে পদত্যাগ করতে হয়।

ভাগ্যক্রমে জাভেদ আখতার ১৯৬৩ সালে দিল্লিতে একটি নাটকে আমজাদ খানের অভিনয় দেখেছিলেন। লেখক আমজাদের প্রতি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি বেশ কয়েকবার সেলিম খানের কাছে তার কথা বলেছিলেন। সেলিম খান একদিন মুম্বাইয়ের বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে তরুণ আমজাদ খানকে দেখতে পান এবং তাকে রমেশ সিপ্পির কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। 

রমেশ সিপ্পি আমজাদকে দেখা মাত্রই গাব্বার সিংয়ের চরিত্রটি তাকে দেয়ার সিদ্ধান্ত নেন। 

কিন্তু আমজাদ খানের অপ্রচলিত কণ্ঠকে অনেকে পছন্দ করেনি এবং তারা নানা কথা বলতে শুরু করেছিল। সেলিম ও জাভেদ তাই রমেশ সিপ্পিকে বলেছিলেন আমজাদকে বাদ দিতে। আমজাদ খান এ বিষয়টি জানতে পেরে চরম বিরক্ত হয়েছিলেন। 

তবে পরিচালক রমেশ সিপ্পি তার সিদ্ধান্তে অনড় থেকে আমজাদ খানকে গাব্বার সিংয়ের জন্য রেখেছিলেন। সিদ্ধান্তটি অনেক বড় সাফল্য এনে দিয়েছিল এবং দর্শকরা আজও আমজাদ খানের জায়গায় অন্য কাউকে গাব্বারের চরিত্রে কল্পনা করতে পারেন না।

ভুল বোঝাবুঝির ফলস্বরূপ, সেলিম খান ও জাভেদ আখতার আর কখনো কোনো ছবিতে আমজাদ খানের সঙ্গে কাজ করেননি।

 

সূত্র : ইন্ডিয়া টুডে