লুকিয়ে লুকিয়ে ফ্যাশন মডেলদের খোঁজখবর রাখতেন তিনি। সেই স্নিগ্ধাই এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ। ২০১৮ সাল থেকে বিলবোর্ড ও ফ্যাশন শোর মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করার পর এবার তিনি পা রাখছেন রুপালি পর্দায়।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত প্রেশার কুকার সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

সিনেমায় যুক্ত হওয়ার প্রসঙ্গে স্নিগ্ধা জানান, প্রায় দেড় বছর আগে নির্মাতা তাকে গল্প শোনান এবং একটি অডিশনও নেয়া হয়। তবে চূড়ান্ত প্রস্তাবটি আসে যখন তিনি পরিবারের সঙ্গে ওমরাহ পালনে সৌদি আরবে ছিলেন। পরিচালকের বার্তায় জানতে পারেন, চারজন নারীকে কেন্দ্র করে গড়া গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে ভাবা হচ্ছে। গল্প শুনেই তিনি রাজি হয়ে যান। পরে টানা এক মাস পরিচালকের কার্যালয়ে নিয়মিত গ্রুমিং করেন বলে জানান তিনি।

‘প্রেশার কুকার’ মূলত দেশের চারটি ভিন্ন অঞ্চল থেকে স্বপ্ন নিয়ে ঢাকায় আসা চার নারীর জীবনসংগ্রামের গল্প। তাদের পেশা, ভালোবাসা, চ্যালেঞ্জ এবং প্রতিনিয়ত নানামুখী অপব্যবহার ও মানসিক চাপে টিকে থাকার লড়াই উঠে আসবে সিনেমায়। স্নিগ্ধার বিশ্বাস, মফস্বল থেকে উঠে আসা অনেক তরুণী এ গল্পে নিজেদের প্রতিচ্ছবি খুঁজে পাবেন। তার মতে, এটি নারীর শক্তি ও আত্মমর্যাদার গল্প, আর প্রথম সিনেমা হিসেবেই এমন একটি কাজ করতে পেরে তিনি আনন্দিত।