অনিক দত্ত পরিচালিত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। এ সিনেমা দিয়ে কাজী নওশাবা আহমেদ নাম লেখান টালিউডে। সিনেমাটি ২০২৪ সালের দুর্গা পূজার সময় প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও সেটি হয়নি। অবশেষে এ বছর দুর্গা পূজায় আসছে সিনেমাটি। গত শুক্রবার মোশন পোস্টার প্রকাশ করে যত কাণ্ড কলকাতাতেই সিনেমাটির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন।
জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে এ সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। নওশাবাকে দেখা যাবে বাংলাদেশী এক মেয়ের চরিত্রে। যে নিজের শিকড়ের সন্ধানে কলকাতায় যায়।
সিনেমাটি নিয়ে নওশাবা বলেন, ‘আমার চরিত্রটা বাংলাদেশ থেকে যাওয়া একজন মেয়ের। সে তার শিকড় খুঁজতে যায়। গিয়ে এক ধাঁধায় জড়িয়ে পড়ে। আবীর চট্টোপাধ্যায় ও আমার চরিত্র দুটি ফেলুদাভক্ত। এ কারণেই তাদের এক হওয়া। জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে সাজানো হয়েছে সিনেমাটির গল্প। তবে এটা কোনো গোয়েন্দা গল্প নয়। সিনেমার প্রতি মুহূর্তেই ফেলুদাকে মনে করা হয়েছে। প্রতি মুহূর্তেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে।’
এ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে নওশাবা বলেন, ‘কাজটার সঙ্গে যুক্ত হওয়া আমার কাছে ম্যাজিকের মতো। হুট করে অনিকদার টেক্সট পাই। এরপর অডিশন দেয়ার পর সিনেমাটির সঙ্গে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং শুরু করি। এখন সে কাজ রিলিজ পাচ্ছে। দুর্গা পূজার মতো উৎসবে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে আমি ভীষণ আনন্দিত। আরো একটা কারণে আমি খুব খুশি, তা হলো আমার বাবা বেঁচে থাকতে স্বপ্ন দেখতেন আমি অনেক ভালো ভালো কাজ করব। তিনি ফেলুদারও ভীষণ ভক্ত ছিলেন। যত কাণ্ড কলকাতাতেই সিনেমার অনেকটা জুড়ে আছে ফেলুদা। আমার বাবা যেখানেই থাকুন, আমার দৃঢ় বিশ্বাস তিনি অনেক খুশি হবেন। আমার পরিবারের সবাই অনেক খুশি হবে, কারণ অনেক দিন পর আমার একটা ভালো কাজ আসছে।’
সব ঠিক থাকলে দুর্গা পূজার সময় সিনেমাটির মুক্তির সময় কলকাতায় যাওয়ার ইচ্ছা আছে বলে জানান নওশাবা। এদিকে চলতি মাসের শুরুতে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া ‘কানাগলি’ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গেছে নওশাবাকে। সিরিজটি বানিয়েছেন আহমেদ জিহাদ। এতে আরো অভিনয় করেছেন শ্যামল মাওলা, আইশা খান, আবু হুরায়রা তানভীর, লুৎফর রহমান জর্জ প্রমুখ।










