এবারের ঈদে মুক্তির প্রতীক্ষায় আছে আব্দুর নূর সজল ও নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘জ্বীন থ্রি’। এ সিনেমার ‘কন্যা’ গানটি দর্শকের প্রশংসায় ভাসছে। এ পর্যন্ত ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে জ্বীন থ্রি সিনেমার এ গান ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে। এতে নায়কের ভুমিকায় আছেন আব্দুন নূর সজল। তার বিপরীতে আছেন জনপ্রিয় নায়িকা নূসরাত ফারিয়া। এ সিনেমার কন্যা গানটি প্রকাশের মুহূর্ত থেকেই দর্শকের মধ্যে আগ্রহ দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই গানটি দারুণ আলোচনায় চলে আসে। দেশে-বিদেশে বাংলা ভাষাভাষী দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে, টিকটকে, রিলসে বারবার বেজে উঠছিল ‘কন্যা কন্যা কন্যারে বলব মনের কথা শোন না রে’। এ গানই যেন বিশেষত সজলের সিনেমা জীবনের গত দিনের হিসাব-নিকাশই বদলে দিল। গানটি দিয়ে যেমন নতুন করে তুমুল আলোচনায় সজল। এ গানের কারণেই তার অভিনীত জ্বীন থ্রি সিনেমা দেখার প্রতিও দর্শকের আগ্রহও বেড়ে গেছে অনেকটাই। তাই ঈদে মুক্তি প্রতীক্ষিত এ সিনেমাকে ঘিরে সজল আছেন বেশ খোশমেজাজে। একই সঙ্গে একটু চিন্তাতেও আছেন। কারণ জ্বীন থ্রিকে ঈদে মুক্তি প্রতীক্ষিত অন্যান্য সিনেমাগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। কন্যা গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর সংগীত করেছেন ইমরান মাহমুদুল ও গেয়েছেন কনা-ইমরান। জ্বীন থ্রি সিনেমা ও কন্যা গান প্রসঙ্গে সজল বলেন, ‘কী যে ভালো লাগছে এ মুহূর্তে, তা আসলেই ভাষায় প্রকাশের নয়। প্রচণ্ড অসুস্থ ছিলাম আমি, কিন্তু অনেক কষ্ট হলেও বিশেষত জ্বীন থ্রির কন্যা গানে সব ভুলে গিয়ে পারফর্ম করেছি। আল্লাহ আমাকে সে প্রতিদান দিয়েছেন। আমার প্রতি আমার ভক্ত দর্শকের ভালোবাসা ছিল, আছে এবং আমি বিশ্বাস করি, থাকবেও। তবে কেন যেন এ সময়ে এসে অনুভব করলাম, আমাকে ঘিরে তাদের সুপ্ত ভালো লাগা ছিল। কন্যা গান হিট হওয়ার পর গানে আমার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে অনেকেই গানটি প্রকাশের পর নিজে থেকে আগ্রহ নিয়ে এগিয়ে এসে কথা বলেছেন, গানে আমার অন্য রকম উপস্থাপন নিয়ে কথা বলেছেন। শুধু তাই নয়, পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা দেখারও আগ্রহ প্রকাশ করেছেন। যখন যেখানে গিয়েছি, কন্যার জয়ধ্বনি শুনেছি। এমনটা কিন্তু এর আগে হয়নি আমার সিনেমা জীবনে। তাই এই যে ভালোবাসা, এই যে প্রাপ্তি, আমি ভীষণ উপভোগ করছি। এ ভালোবাসা বুকে ধারণ করেই এগিয়ে যেতে চাই। ঈদে হলে হলে গিয়ে জ্বীন থ্রি দেখার অনুরোধ রইল।’