দেশের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। তিন দশকের বেশি সময় ধরে সংগীতচর্চা করছেন তিনি। শ্রোতাদের কাছে তার রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। তার কনসার্ট মানেই দর্শক-শ্রোতাদের হুমড়ি খেয়ে পড়া। হাজার হাজার দর্শকের ঢল আর উচ্ছ্বাস।

এবার তাকে ঘিরেই আয়োজন করা হয়েছে একটি একক সংগীত সন্ধ্যার—‘ইয়ামাহা অন ট্রু সাউন্ড’-এর ব্যানারে। সলো এ কনসার্টের টিকিট এরই মধ্যে পাওয়া যাচ্ছে গেট সেট রকের অফিশিয়াল ওয়েবসাইটে। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২২ জুলাই রাত ৮টায় ঢাকার ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে এ বিশেষ আয়োজন। কনসার্টে প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ হয়েছে ২ হাজার টাকা। দেশের ভেতরে কনসার্টের পাশাপাশি বাপ্পা মজুমদারের রয়েছে আন্তর্জাতিক ব্যস্ততাও। এছাড়া প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন গান ‘আগামীকাল’। পাশাপাশি সব ঠিক থাকলে সেপ্টেম্বর-অক্টোবরে যুক্তরাষ্ট্র সফরে যাবেন তিনি। সে সফরে গান করবেন নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগোসহ যুক্তরাষ্ট্রের ১০টির বেশি শহরে।