ধর্মীয় গুরু ওশোর একনিষ্ঠ শিষ্য মা আনন্দ শীলা। সেই আনন্দ শীলার চরিত্রে প্রিয়াংকা চোপড়ার অভিনয়ের কথা থাকলেও মা আনন্দ শীলা তার চরিত্রের জন্য প্রিয়াংকাকে নয় বরং আলিয়া ভাটকে চান। এ বিষয়ে মা আনন্দ শীলা প্রিয়াংকাকে আইনি নোটিস পাঠালেও প্রিয়াংকার দিক থেকে কোনো সাড়া পাননি। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন।

মা আনন্দ শীলা বলেন, ‘আমি তাকে বলেছিলাম, এ ছবির জন্য তাকে কোনো অনুমতি দিচ্ছি না। কারণ আমার চরিত্রের জন্য আমি তাকে বেছে নিইনি। আমরা তাকে খুব সাধারণভাবে আইনি নোটিস পাঠিয়েছিলাম। একটি ই-মেইল করেছিলাম। কিন্তু প্রিয়াংকা বা তার টিমের পক্ষ থেকে কোনো উত্তর পাইনি।’ এমনকি প্রিয়াংকা চিঠি পেয়েছে কিনা, সে বিষয়েও কোনো সৌজন্য চিঠি পাননি বলে তিনি জানান। তিনি আরো যোগ করেন, ‘এটা কোনো বড় বিষয় নয়। সে হয়তো আমার সঙ্গে দেখা করার বা কথা বলার সময় করে উঠতে পারেনি। প্রত্যেকেরই যে আমার সঙ্গে দেখার করার সময় হবে, তেমনটা কিন্তু নয়।’

আনন্দ শীলা তার চরিত্রে আলিয়াকে চান। আলিয়ার কোনো ছবি দেখেছেন কিনা, এমন প্রশ্ন করা হলে উত্তরে ৭০ বয়সী শীলা বলেন, ‘আমার বোনের সঙ্গে তার অভিনীত অল্পসংখ্যক ছবি দেখেছি। দেখে মনে হয়েছে, ছোটবেলায় আমি তার মতো দেখতে ছিলাম। আমার বোনকেও এ কথাটি বলেছিলাম। সে-ও আমার সঙ্গে একমত হয়। তরুণ বয়সে আমার মধ্যে যে সাহস ও উদ্যম কাজ করত, সেটা আমি আলিয়ার মধ্যে দেখতে পাই। এগুলো সবার মধ্যে থাকা জরুরি।’

উল্লেখ্য, ওশোর জীবনীভিত্তিক ছবির কাজ শুরু হওয়ার কথা অনেক দিন আগেই ছিল। একই বিষয় নিয়ে হলিউডে নির্মিত আরেকটি ছবির সঙ্গে যুক্ত হয়ে পড়েন প্রিয়াংকা। এরপর চাপা পড়ে যায় ওশোকে নিয়ে ছবি নির্মাণের বিষয়টি। তারপর হঠাৎ করেই মা আনন্দ শীলার চরিত্রে আলিয়ার অভিনয়ের কথা ওঠে। ওশো ছবিটি পরিচালনা করবেন শাকুন বাতরা। এক ম্যায় অর এক তুম ও কাপুর অ্যান্ড সন্স ছবি দুটি নির্মাণ করে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন এ পরিচালক।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস