কোয়ান্টিন টারান্টিনোর ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড জিতে নিয়েছে সেরা ছবির (মিউজিক্যাল অর কমেডি বিভাগ) গোল্ডেন গ্লোব পুরস্কার। ৫ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। টারান্টিনোর ছবি আরো দুটো গোল্ডেন গ্লোব জিতে নিয়েছে। এ ছবির জন্য ব্রাড পিট পেয়েছেন পার্শ্ব অভিনেতার পুরস্কার আর টারান্টিনো নিজে জিতেছেন সেরা চিত্রনাট্যকারের অ্যাওয়ার্ড।

স্যাম মেন্ডেজ পরিচালিত প্রথম বিশ্বযুদ্ধভিত্তিক ছবি ১৯১৭ জিতেছে সেরা ছবির (ড্রামা) গোল্ডেন গ্লোব। পর্যবেক্ষকরা বলছেন সেরা ছবির গোল্ডেন গ্লোব অস্কারেরও সম্ভাব্য বিজয়ীদের ইঙ্গিত দিচ্ছে। তবে ৫ তারিখ সবাই চমকে গিয়েছিলেন যখন মার্টিন স্করসেসে (দি আইরিশম্যান) ও টারান্টিনোকে পেছনে ফেলে সেরা পরিচালকের গোল্ডেন গ্লোব জিতে নেন স্যাম মেন্ডেজ।

২০১৯-এ ওয়ার্নার ব্রসের সবচেয়ে বড় চমক ছিল জোকার। টড ফিলিপসের ছবি জোকার জিতে নিয়েছে কয়েকটি পুরস্কার। সেরা অভিনেতার (ড্রামা ফিল্ম) পুরস্কার জিতেছেন জোকার জোকিন ফিনিক্স। জোকারের মিউজিকের জন্য সেরা কম্পোজার হয়েছেন হিল্ডার গাডনাডোট্টির। এলটন জনের জীবনীনির্ভর ছবি রকেটম্যান দুটো গোল্ডেন গ্লোব জিতেছে। এলটন জনের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা (মিউজিক্যাল অর কমেডি বিভাগ) হয়েছেন ট্যারন এগারটন। এ ছবির লাভ মি অ্যাগেইন গানটি জিতেছে সেরা অরিজিনাল সংয়ের গোল্ডেন গ্লোব।

সেরা অভিনেত্রী (ড্রামা) হয়েছেন জুডি গারল্যান্ড ছবিতে নাম ভূমিকায় অভিনয় করা রেনি জেলওয়েগার। আর মিউজিক্যাল অর কমেডি বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন অকাওয়াফিনা (দ্য ফেয়ারওয়েল ছবির জন্য)।

সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য আলোচনায় ছিলেন হাসলারস-এর জেনিফার লোপেজ। কিন্তু ‘জেলো’কে হতাশ করে সেরা পার্শ্ব অভিনেত্রীর গোল্ডেন গ্লোব গেছে ম্যারিজ স্টোরির লরা ডার্নের ঘরে।

অ্যানিমেশন ছবির বিভাগে চমক ছিল। ফ্রোজেন টু, টয় স্টোরি ফোর এবং দ্য লায়ন কিংকে পেছনে ফেলে সেরা ছবির গোল্ডেন গ্লোব জিতেছে মিসিং লিংক।

বিদেশী ভাষা বিভাগে সেরা ছবি হয়েছে দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্ল্যাক কমেডি থ্রিলারপ্যারাসাইট।

ছোট পর্দায় সেরা টিভি সিরিজ (ড্রামা) জিতেছে সাকসেশন এবং মিউজিকাল অর কমেডি বিভাগে পেয়েছে ফ্লিব্যাগ। সেরা টেলিভিশন ফিল্ম বা মিনি সিরিজ বিভাগে গোল্ডেন গ্লোব জিতেছে বহুল আলোচিত সিরিজ চেরনোবিল।

বড় পর্দার অস্কারজয়ী তারকা রাসেল ক্রো এবার গোল্ডেন গ্লোব জিতলেন ছোট পর্দায়। মিনি সিরিজ দ্য লাউডেস্ট ভয়েজে রজার অ্যালিসের ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন রাসেল ক্রো।

 

সূত্র: দি ওয়াশিংটন পোস্ট