বছরজুড়ে বিশেষ দিনে বিশেষ আয়োজন থাকে বণিক বার্তা কার্যালয়ে। এরই অংশ হিসেবে এবার বসন্তকে বরণ করে নিতে গতকাল বণিক বার্তা কার্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেকটা ঘরোয়া পরিবেশে আড্ডা-গানে মেতে ওঠেন কর্মীরা। জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন ছিলেন আয়োজনের মূল আকর্ষণ। আগুনের গানের সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়েছেন বিশ্বজিৎ বড়ুয়া (লিড গিটারিস্ট), মো. শফিউজ্জামান (কি-বোর্ড), শেখ ফয়েজ পুলক (ড্রামস ও পারকাশন), এসএম জিয়াউর রহমান (তবলা) ও রুমন হায়াত (বেজ গিটার)।

মধ্যাহ্নভোজের পর আগুন গান পরিবেশনা শুরু করেন। প্রথম পরিবেশন করেন ‘দুই দুয়ারী’ সিনেমার ‘মাথায় পরেছি সাদা ক্যাপ’ গানটি। এরপর শুরু করেন তার জনপ্রিয় গান ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার ‘এখন তো সময় ভালোবাসার’। শ্রোতাদের অনুরোধ আর আগুনের পছন্দে একে একে গাইতে থাকেন ‘আমার স্বপ্নগুলো’, ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’, ‘একা আছি তো কী হয়েছে’, ‘ও আমার বন্ধু গো চিরসাথী পথচলার’, ‘‌আ হানড্রেড মাইলস’ গানগুলো। সবশেষে ‘বাবা বলে ছেলে নাম করবে’ গানটির মধ্য দিয়ে পরিবেশনা শেষ করেন। অনুষ্ঠান শেষে বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ শিল্পী আগুন ও তার সহযোগীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।