পানমশলা নিয়ে বিপাকে পড়েছেন বলিউডের তিন অভিনেতা। পানমশলার বিজ্ঞাপনে অভিনয়ের কারণে আইনি ঝামেলায় পড়েছেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। জয়পুর আদালতের পক্ষ থেকে তাদের নোটিস দেয়া হয়েছে। আদালতের মতে, তারা ক্রেতাদের বিভ্রান্ত করেছেন। এ কারণেই তিন অভিনেতাকে নোটিস দেয়া হয়েছে।
জয়পুরের ক্রেতা বিরোধ নিষ্পত্তি কমিশনের পক্ষ থেকে দেয়া এক আইনি নোটিসে বলা হয়েছে, শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ অভিনীত পানমশলার বিজ্ঞাপনে দেখানো হয়, পণ্যের প্রতি দানায় দানায় কেশর রয়েছে। কিন্তু এই দাবি বিভ্রান্তিকর।
আদালত স্বপ্রণোদিত হয়ে কখনো এমন নোটিস দেয় না। মূলত পানমশলার ট্যাগলাইন নিয়ে আপত্তি তুলেছেন জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়াল। বিজ্ঞাপনে বলা ‘দানে দানে মে কেশর কা দম’ নিয়ে তার আপত্তি। তিনি ভোক্তা ফোরামের দ্বারস্থ হয়েছিলেন।
ভোক্তা ফোরামের চেয়ারম্যান গিয়ারসিলাল মীনা ও সদস্য হেমলতা আগরওয়াল নোটিসটি জারি করেন।
অভিযোগকারীর আইনজীবী জানান, কেজি প্রতি কেশরের দাম চার লাখ টাকা। সেখানে মাত্র ৫ টাকা দামে প্রতি প্যাকেট পানমশলা বিক্রি করা হয়। যদি সত্যিই কেশর থাকত, তাহলে ওই দামে দেয়া সম্ভব হতো না। তাছাড়া কেশর স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু এই পানমশলা মোটেও উপকারী নয়, বরং ক্ষতিকর। তা সত্ত্বেও কেবল বিক্রি বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে পানমশলা তৈরির কোম্পানি।
তাই বিজ্ঞাপনের দাবির ব্যাখ্যা করার জন্য পানমশলা তৈরির সংস্থার কর্মকর্তাদের ও অভিনেতাদের আদালতে তলব করা হয়েছে। তাদের আগামী ১৯ মার্চ হাজিরা দিতে বলা হয়েছে। এক মাসের মধ্যে তাদের জবাবদিহি করারও নির্দেশ দিয়েছে আদালত। তবে এ নিয়ে তিন তারকা অর্থাৎ শাহরুখ খান, অজয় দেবগন বা টাইগার শ্রফ এখনো কোনো মন্তব্য করেননি।
তবে এটাই প্রথমবার নয়। এর আগেও এই বিজ্ঞাপন নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। তা আদালত পর্যন্ত গড়িয়েছিল।
সূত্র: হিন্দুস্তান টাইমস










