সিনেমায় দেখা যাচ্ছে না চিত্রনায়িকা পূর্ণিমাকে। কিন্তু তার কাজ বন্ধ নেই। উপস্থাপনার পাশাপাশি তিনি রিয়ালিটি শোর বিচারকের দায়িত্বও পালন করছেন। মাছরাঙা টিভিতে চলছে ‘সেরা রাঁধুনী’র ৮ সিজন। এতেই প্রধান বিচারক পূর্ণিমা।

সারা দেশের রন্ধনশিল্পীদের কাছে সেরা রাঁধুনী একটি নাম। কারণ যাদের কাছে রান্না বিশেষভাবে প্রিয়, তাদের স্বপ্নই থাকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। তাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে দুই বছর অপেক্ষা করেন রন্ধনশিল্পীরা। দুই বছর পরপর প্রতিযোগিতাটি হয়ে থাকে। এ নিয়ে অষ্টমবারের মতো চলছে এটি। সেখানেই চতুর্থবারের মতো প্রধান বিচারকের ভূমিকায় আছেন পূর্ণিমা।

প্রতিযোগিতাটি নিয়ে পূর্ণিমা বলেন, ‘এবারের আয়োজন আরো একটু বেশি জমকালো। সবকিছুরই আয়োজন একটু বেশি। শুধু তাই নয়, আমরা যে সেটে স্টুডিও রাউন্ডে কাজ করছি, সেই সেটেও বেশ পরিবর্তন আনা হয়েছে। আরো আধুনিক করা হয়েছে এটি। যে কারণে সেটটাও আরো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।’

সেরা রাঁধুনীর প্রতিযোগীরা নানা পর্যায় পার করে এগিয়ে যায়। এ নিয়ে পূর্ণিমা বলেন, ‘গ্র্যান্ড অডিশন থেকে প্রতিযোগীরা যখন স্টুডিও রাউন্ডে মহামঞ্চে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং ইউনিক টাস্কগুলো দিয়ে মজার মজার রান্না করে যখন নিয়ে আসেন সে খাবারগুলোও হয় ভীষণ স্বাদের। প্রত্যেক প্রতিযোগীই সেরা রাঁধুনী হিসেবে তাদের সেরাটাই দেয়ার চেষ্টা করছেন।’

সিনেমায় তো পূর্ণিমা নেই। এবার ঈদেও এটিই তার ব্যস্ততা। তিনি বলেন, ‘গত প্রায় দুই মাস এ নিয়েই আমার ব্যস্ততা। যে কারণে ঈদে আমাকে অন্যান্য অনুষ্ঠানে দেখার সুযোগটা একেবারেই কম।’

পূর্ণিমা চ্যানেল আইয়ের ‘মনোহর ইফতার’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। রোজার আগেই এ আয়োজনের একটি পর্বে অংশ নিয়েছেন। এছাড়া মাছরাঙা টিভির একটি রোজাবিষয়ক অনুষ্ঠানেও দুটি পর্বে অংশগ্রহণ করেছেন পূর্ণিমা। উল্লেখ্য, সেরা রাঁধুনীর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী জুলাই-আগস্টে।