ফরিদপুর জিলা স্কুলে গত শুক্রবার রাতে সংগীতশিল্পী ‘নগরবাউল’ জেমসের কনসার্ট হওয়ার কথা ছিল। তবে উৎসবমুখর পরিবেশের বদলে অনুষ্ঠানটি অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার কারণে বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের সমাপনী রাতে এ ঘটনা ঘটেছে।
পুনর্মিলনী অনুষ্ঠানটি নিবন্ধিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছিল। তবে জেমসের গান শোনার জন্য কয়েক হাজার অনিবন্ধিত দর্শক স্কুলের বাইরে ভিড় জমান। স্থান সংকুলানের কারণে তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়া সম্ভব হয়নি। স্কুলের বাইরে দুটি বড় প্রজেক্টর বসানো হলেও বহিরাগত দর্শকের অসন্তোষ কমেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে উত্তেজিত জনতা স্কুলের দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করলে বাধা পেয়ে তারা স্কুল প্রাঙ্গণ ও মঞ্চ লক্ষ্য করে ইট নিক্ষেপ শুরু করে। এতে আয়োজক কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমসহ অন্তত ২৫-৩০ জন আহত হন। নিরাপত্তা উপপরিষদের সদস্য বেনজীর আহমেদ তাবরীজ জানান, পরিস্থিতির অবনতি ও দর্শকের নিরাপত্তা বিবেচনা করে রাত ১০টার কিছু আগে অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, জেমসের পরিবেশনার খবরে ২০-২৫ হাজার মানুষের ভিড় জমায়, যা স্কুল প্রাঙ্গণের ধারণক্ষমতার অনেক বাইরে ছিল।
জেমস ও তার মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন সংবাদমাধ্যমে জানিয়েছেন, তারা সন্ধ্যা সাড়ে ৭টায় ফরিদপুর পৌঁছান। গেস্ট হাউজে থাকাকালীনই বিশৃঙ্খলার খবর পান। রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি চরম আকার ধারণ করলে আয়োজকরা কনসার্ট বাতিলের ঘোষণা দেন।










