ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ প্রথমবারের মতো বলিউডের একটি ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। সনি লিভের প্রযোজনায় নির্মিত সিরিজ জ্যাজ সিটিতে তার এ উপস্থিতি বাংলাদেশের দর্শকের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি করেছে।

গত মঙ্গলবার সনি লিভ আনুষ্ঠানিকভাবে জ্যাজ সিটির টিজার প্রকাশ করে। টিজারে আরিফিন শুভকে দেখা যায় জিমি রায়ের চরিত্রে। পুরো সিরিজের গল্প আবর্তিত হয়েছে এ চরিত্রকে কেন্দ্র করে। নির্মাতাদের ভাষায়, জিমি রায়ই এ সিরিজের মূল চালিকাশক্তি।

টিজারে শুভকে একাধিক ভিন্ন লুকে দেখা যায়। কোথাও ধূসর রঙের স্লিম কাট স্যুটে তিনি রহস্যময় ও সংযত, আবার কোথাও ঝকঝকে সাদা স্যুট পরে নাচে মগ্ন। প্রতিটি লুকেই রয়েছে সত্তরের দশকের রেট্রো আবহ। চুলের স্টাইল, পোশাক ও শরীরী ভাষায় সে সময়ের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

নিজের চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ জানিয়েছেন, এটি একটি বহুমাত্রিক গল্প। এখানে শুধু সংলাপ নয়, সংগীতও গল্প বলার গুরুত্বপূর্ণ অংশ। অনেক অনুভূতি ও পরিস্থিতি সংলাপের বাইরে নীরবতা, সংগীত ও মুহূর্তের মাধ্যমে প্রকাশ পায়। পুরো সিরিজে জ্যাজ মিউজিকের একটি গভীর উপস্থিতি থাকবে।

এ সিরিজে শুভ বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি চার ভাষায় অভিনয় করেছেন। প্রথম বলিউড প্রজেক্টেই এমন বহুভাষিক অভিনয় তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।

টিজার থেকে জানা যায়, জ্যাজ সিটির গল্প গড়ে উঠেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সে সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, মানুষের জীবনসংগ্রাম ও পরিবর্তনের চিত্র উঠে আসবে সিরিজটিতে। নির্মাণে ইতিহাস ও সময়ের আবহকে বাস্তবভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সিরিজটির নির্মাতা সৌমিক সেন। এর আগে তিনি জুবিলি সিরিজের সহপরিচালক হিসেবে প্রশংসা পেয়েছেন। জ্যাজ সিটিতে তিনি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন। আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সৌরসেনী মিত্র। এছাড়া বলিউড ও টলিউডের আরো কয়েকজন পরিচিত অভিনেতাও এতে রয়েছেন।

সনি লিভ জানিয়েছে, জ্যাজ সিটি ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে। টিজার প্রকাশের পরই সিরিজটি নিয়ে দর্শকের প্রত্যাশা ক্রমেই বাড়ছে।